সারাদেশ
বিএনপি নেতার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ
লক্ষ্মীপুরের রায়পুরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। পবিত্র কোরআন হিফজে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং কোরআনের শিক্ষা ও চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোববার সন্ধ্যা ৭টায় রায়পুর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সালের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি পরিচালনা করেন রায়পুর এম ইসলামিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ক্বারী মুরছালিন বিন ইসমাইল।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন উত্তর কেরোয়া আল আমিন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ফরহাদ হাসান। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি একটি স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার টাকা পুরস্কার পান। দ্বিতীয় স্থান অর্জন করেন রায়পুর দারুল কুরআন ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ওমর ফারুক। তিনি একটি স্বর্ণপদকের পাশাপাশি নগদ ১০ হাজার টাকা পুরস্কার লাভ করেন।
এ ছাড়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারীর জন্য একটি রৌপ্যপদক ও নগদ সাত হাজার টাকা পুরস্কার নির্ধারণ করা হয়। চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী প্রতিযোগীদের সম্মাননা ক্রেস্ট দেওয়ার ব্যবস্থা রাখা হয়। এর মাধ্যমে কোরআন হিফজে শিক্ষার্থীদের অধ্যবসায় ও মেধাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ধর্মীয় শিক্ষায় আরও মনোযোগী হতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকেরা জানান, পবিত্র কোরআন হিফজের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো, কোরআনের শিক্ষা ও মূল্যবোধের চর্চা উৎসাহিত করা এবং নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানোই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতা প্রকাশের সুযোগ তৈরি করার পাশাপাশি কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।