রাজনীতি

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে তাঁর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের জাপান সফরের বিষয়টি নিশ্চিত করেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। পোস্টে তিনি লেখেন, “আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।”

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ ছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের একটি দলও এ সফরে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি বাংলাদেশের চলমান অবকাঠামো প্রকল্পগুলোর ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

সফরসূচি অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। এ ছাড়া দেশটির বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও মতবিনিময়ের কথা রয়েছে তাঁর। এসব আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিনিয়োগের সম্ভাবনা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক উঠে আসতে পারে।

এ সময় জাপানের শিল্প ও জ্বালানিসংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

প্রধানমন্ত্রীর এ সফরকে বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে অবকাঠামো প্রকল্পে সহযোগিতা, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে সফরটি তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।