সারাদেশ
শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৪ লাখ টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকারের শুল্ক-করসহ আনুমানিক রাজস্বমূল্য ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা। আটক শরীফ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি একটি প্রতিষ্ঠানের মুয়াল্লিম হিসেবে দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।
রোববার বেলা ১১টা ৫০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ অভিযান চালানো হয়। বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি চট্টগ্রামে পৌঁছানোর পর এরাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় শরীফের গতিবিধি সন্দেহজনক মনে হয়। বিষয়টি নজরে আসার পর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে পর্যবেক্ষণে রাখেন।
পরবর্তী সময়ে বিমানবন্দর কাস্টমস, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত একটি দল তার হ্যান্ডব্যাগ এবং পরিহিত পোশাকে তল্লাশি চালায়। এ সময় চুড়ি আকৃতির মোট ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র আরও জানায়, উদ্ধার করা স্বর্ণালংকারের পরিমাণ ও ওজন যাচাই করে নিশ্চিত হওয়ার পর সেগুলো আনুষ্ঠানিকভাবে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণালংকারের বিপরীতে শুল্ক-করসহ সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অবৈধভাবে স্বর্ণালংকার পরিবহনের অভিযোগে শরীফের বিরুদ্ধে শুল্ক আইনে চোরাচালানের মামলা করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গণসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল। তবে স্বর্ণালংকারগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কী উদ্দেশ্যে সেগুলো বহন করা হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।