সারাদেশ

জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম

জাইমা রহমানের জন্মদিনে ৫ শতাধিক ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে কেক কেটে জাঁকজমকপূর্ণ উৎসবের পরিবর্তে ব্যতিক্রমী মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি হাজারো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষুচিকিৎসা এবং ছানি অপারেশনের সেবা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে রোববার (২৫ অক্টোবর) দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ১১টায় শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী ছাত্রীদের হাতে গোলাপি রঙের বাইসাইকেল তুলে দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই অনুষ্ঠানে ১ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে ব্যারিস্টার জাইমা রহমানের ছবি সংবলিত মগ উপহার দেওয়া হয়। জন্মদিনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমানো, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং নারীশিক্ষার প্রসারে বাইসাইকেল বিতরণ কর্মসূচিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াতকারী ছাত্রীদের জন্য এ উপহার পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর বিষয়টিও এ উদ্যোগের সঙ্গে যুক্ত।

কর্মসূচির দ্বিতীয় পর্বে রোববার দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এতে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে প্রয়োজনীয় চক্ষুসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুচিকিৎসাসেবার আওতায় আনা হয়েছে। এর আগে প্রথম দিনে মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে প্রায় ২ হাজার মানুষকে এ সেবা দেওয়া হয়।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেও ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, এতিমদের মধ্যে খাবার বিতরণ ও চিকিৎসাসেবার মতো মানবিক কর্মসূচি পালন করা হয়েছিল। এবারও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নারীশিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আজকের ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। মেয়েরা যাতে নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং কোনো ধরনের বাধা ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

চক্ষুচিকিৎসা কর্মসূচিতে বক্তব্যের সময় মীর শাহে আলম বলেন, জিয়া পরিবার সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মতো বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় নিজের নির্বাচনী এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে এলাকার সব মানুষের চোখের সমস্যা দূর করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জামায়াতের রাজনৈতিক নীতির সমালোচনাও করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর সহধর্মিণী মীর লাবনী আকতার, রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর শাকরুল আলম সীমান্ত, মীর ফারিয়া তাবাসসুম, মীর সামারা সুনাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দিনব্যাপী এসব কর্মসূচির শেষ পর্যায়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ সমগ্র জিয়া পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। জন্মদিনকে ঘিরে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষুচিকিৎসার আয়োজন স্থানীয়ভাবে মানবিক উদ্যোগ হিসেবে গুরুত্ব পেয়েছে।