সারাদেশ

সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুর ও হামলা, তিন মামলায় আসামি ২৩০০


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুর ও হামলা, তিন মামলায় আসামি ২৩০০
ছবি: সংগৃহীত

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে বিভিন্ন কারখানায় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ২ হাজার ৩০০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ৪ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান।

তিনি জানান, আশুলিয়া থানায় দুটি এবং সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সোমবার রাতে দুটি পৃথক কারখানা কর্তৃপক্ষ ভাঙচুরের ঘটনায় মামলা করেছে। এসব মামলায় অজ্ঞাতনামা ৮০০ থেকে ১ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, কারখানায় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার অভিযোগে একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার ভোরে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় সাভার মডেল থানায় আরও একটি মামলা হয়েছে।

ওসি সাইফুল আলম জানান, এ মামলায় অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো মঙ্গলবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল।