সারাবিশ্ব
নিউইয়র্কের সিনেটে জয়ী প্রথম হিজাব পরিহিত ফিলিস্তিনি আবের কাওয়াস
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের ১২ নম্বর আসনে জয়ী হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস। ৯০ শতাংশ ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ৭৫ শতাংশ ভোট।
এই জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন কাওয়াস। নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় নির্বাচিত প্রথম হিজাব পরিহিত ফিলিস্তিনি-আমেরিকান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পর্যায়ে নির্বাচিত অল্প কয়েকজন ফিলিস্তিনি-আমেরিকানের তালিকায় যুক্ত হয়েছেন তিনি।
জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় কাওয়াস লেখেন, ‘আমরা ইতিহাস গড়েছি।’
‘মর্যাদায় বিনিয়োগ, ধ্বংসের বিরুদ্ধে লড়াই’ স্লোগান নিয়ে নির্বাচনী প্রচার চালিয়েছেন কাওয়াস। ‘মর্যাদায় বিনিয়োগ’ বলতে সবার জন্য স্বাস্থ্যসেবা, দ্রুত ও নির্ভরযোগ্য গণপরিবহন এবং সাশ্রয়ী আবাসনের পক্ষে তার অবস্থানকে বোঝানো হয়েছে।
অন্যদিকে, ‘ধ্বংসের বিরুদ্ধে লড়াই’ স্লোগানের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিবাসীদের সুরক্ষা এবং ‘যুদ্ধের জন্য কোনো অর্থ নয়’ নীতির পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
কাওয়াস ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য। গত বছর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে সংগঠনটির সদস্য জোহরান মামদানি ঐতিহাসিক জয় পাওয়ার পর থেকে সংগঠনটি একের পর এক সাফল্য পাচ্ছে।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার ক্রমবর্ধমানসংখ্যক প্রার্থীর একজন ছিলেন কাওয়াস। তাকে সমর্থন দিয়েছেন জোহরান মামদানি, সিনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেস সদস্য রাশিদা তালাইবসহ বেশ কয়েকজন প্রগতিশীল ডেমোক্র্যাট।
সূত্র: মিডল ইস্ট আই