রাজধানী
মিরপুরে সংঘর্ষ-আগুন: চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার, গ্রেপ্তার ২২
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দুই দিনের শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার ২ নভেম্বর দুপুরে মিরপুর মডেল ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব তথ্য জানান।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, মিরপুরে ট্রাফিক বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় অজ্ঞাতপরিচয় তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, সোমবারও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া এবং ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে পল্লবী থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলার বাদী পুলিশ।
তিনি জানান, প্রতিটি মামলায় অজ্ঞাতপরিচয় দুই হাজার থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনটি মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।