সারাবিশ্ব

বুলগেরিয়ার প্রথম নারী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ইলিয়ানা ইয়োতোভা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

বুলগেরিয়ার প্রথম নারী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ইলিয়ানা ইয়োতোভা
ছবি: সংগৃহীত

বুলগেরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় দফার প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ইলিয়ানা ইয়োতোভা। বুথফেরত জরিপের ফলাফল চূড়ান্ত হলে দেশটির ইতিহাসে প্রথম নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান হওয়ার রেকর্ড গড়বেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী সাবেক অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আন্দ্রেই গিউরভ ইতিমধ্যে পরাজয় মেনে নিয়েছেন।

প্রাথমিক বুথফেরত জরিপ অনুযায়ী, নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পেয়েছেন ইয়োতোভা। অন্যদিকে সংস্কারপন্থী বিরোধী দলের প্রার্থী গিউরভ পেয়েছেন প্রায় ৩৮ শতাংশ ভোট। তবে নির্বাচন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পরই বিজয় নিশ্চিত হবে।

পরাজয় স্বীকার করে গিউরভ জানিয়েছেন, ভোটাররা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। জনগণের দেওয়া রায় সবাইকে মেনে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

৬২ বছর বয়সী ইয়োতোভা চলতি বছরের জানুয়ারিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বর্তমান প্রধানমন্ত্রী রুমেন রাদেভ পদত্যাগ করার পর তার হাতে রাষ্ট্রপতির দায়িত্ব আসে। পর্যবেক্ষকদের মতে, নির্বাচনে তার সম্ভাব্য জয় ক্ষমতাসীন রাজনৈতিক শিবিরের অবস্থান আরও সুসংহত করতে পারে।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বুলগেরিয়ার সম্পর্ক বজায় রাখার পাশাপাশি রাশিয়ার সঙ্গেও সুসম্পর্কের পক্ষে অবস্থান নিয়েছেন ইয়োতোভা। রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষেও কথা বলেছেন তিনি। এ ছাড়া ইউক্রেন যুদ্ধের অবসানে সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনা ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়ে আসছেন এই রাজনীতিক।

বুলগেরিয়ায় রাষ্ট্রপতির পদ অনেকাংশে আনুষ্ঠানিক হলেও সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় এ পদের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। দেশটির সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি আইন প্রণয়নে ভেটো দেওয়া এবং আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করার ক্ষমতাও তার রয়েছে।

প্রাথমিক ফলাফল চূড়ান্ত হলে ইয়োতভার এই জয় শুধু নির্বাচনী সাফল্য হিসেবেই নয়, বুলগেরিয়ার রাজনৈতিক ইতিহাসেও গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হবে।