জাতীয়

মঙ্গলবার শপথ নেবেন ফয়সল আমীন ও এলিজা জামান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

মঙ্গলবার শপথ নেবেন ফয়সল আমীন ও এলিজা জামান
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার ৩ নভেম্বর।

সোমবার ২ নভেম্বর বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তায় জানানো হয়, মঙ্গলবার বেলা ১২টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়।

অন্যদিকে, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় শেষে এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।