অর্থনীতি
বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা
দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত হয়েছে। এখন থেকে বাংলা কিউআর কোড স্ক্যান করেই একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে সরাসরি টাকা পাঠাতে পারবেন।
রোববার ১ নভেম্বর থেকে ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে অর্থ স্থানান্তরের এ সুবিধা চালু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ সেবার মাধ্যমে টাকা পাঠাতে প্রাপকের মোবাইল নম্বর কিংবা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে প্রবেশ করানোর প্রয়োজন হবে না। শুধু প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাই করলেই লেনদেন সম্পন্ন করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন এ ব্যবস্থায় ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি টাকা পাঠানোর সময় ভুল মোবাইল নম্বর বা ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার ঝুঁকিও কমবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে লেনদেনের সুবিধা চালুর ফলে দৈনন্দিন আর্থিক লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার এবং নগদবিহীন লেনদেনের প্রসারেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক হবে।