জাতীয়

শ্রমিক বিক্ষোভের মুখে শ্রমমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

শ্রমিক বিক্ষোভের মুখে শ্রমমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল
ছবি: সংগৃহীত

মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তার সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন। শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে রোববার ১ নভেম্বর সন্ধ্যায় কয়েকজন মন্ত্রীকে নিজের কার্যালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও শ্রম মন্ত্রণালয়ের সূত্র জানায়, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

ডিসেম্বরকে লক্ষ্য করে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী বলেন, ‘অবশ্যই! এটা তো পরিষ্কার। একটি ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদককে দেখা গেছে শ্রমিক সেজে সেখানে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলা আন্দোলনে অংশ নিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবিও প্রকাশিত হয়েছে।’

কোন ছাত্র সংগঠনের নেতা আন্দোলনে অংশ নিয়েছেন, জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন!’

এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনার জন্য সরকার মজুরি বোর্ড গঠন করে।

সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন। তবে শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম পেতে শ্রম মন্ত্রণালয়ের সময় লাগায় মজুরি বোর্ড গঠনেও বিলম্ব হয়।

মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের পাশাপাশি স্বাধীন সদস্যদের সঙ্গে পরামর্শ করে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। তবে বোর্ডের প্রথম বৈঠকের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। একই সঙ্গে নতুন মজুরি কাঠামো ঘোষণার সময়সীমাও জানানো হয়নি।