সারাদেশ

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, চাকরি হারালেন সেই এএসপি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:১৪ এএম

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, চাকরি হারালেন সেই এএসপি
ছবি: সংগৃহীত

দিনাজপুর অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিভাগীয় তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়।

বিভাগীয় মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের এপ্রিল মাসে বরিশাল মহানগর পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে কাজী মিজানুর রহমানের পরিচয় হয়। পরে ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার আদালতের পর্যবেক্ষণেও তাদের স্বেচ্ছায় শারীরিক সম্পর্কের বিষয়টি উঠে আসে বলে বিভাগীয় নথির সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সম্পর্কের সূত্র ধরে কাজী মিজানুর রহমান ওই নারীকে এক বান্ধবীর বাসায় নিয়ে যান এবং তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেন। পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। তাদের পরকীয়া সম্পর্ক ও অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও এবং ছবি ওই কনস্টেবলের হাতে পৌঁছালে পারিবারিক সম্পর্কে ভাঙন দেখা দেয়।

একজন পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে বিভাগীয় তদন্তে উল্লেখ করা হয়। এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়।

বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির ২৫ অক্টোবরের অনুমোদনের পর এ আদেশ জারি করা হয়েছে।