শিক্ষা
এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ। এ বছর দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর শূন্যপাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। সে হিসাবে এবার এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
শনিবার ৩১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে এবং খুদে বার্তার মাধ্যমে ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এদিকে এ বছর ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ ৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৫৫ দশমিক ৪৫ শতাংশ এবং ছেলেদের ৪৭ দশমিক ১৪ শতাংশ।
সর্বশেষ পাওয়া তথ্যমতে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছিল। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে শেষ হয় গত ৯ সেপ্টেম্বর।