জাতীয়

ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম

ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে প্রস্তুতির জন্য সর্বোচ্চ এক মাস সময় দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার ৩১ অক্টোবর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য এক মাসের বেশি সময় দেওয়া হবে না। প্রয়োজনীয় প্রস্তুতির সময় দিয়ে শিগগিরই তাদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় সবচেয়ে পিছিয়ে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। এ বোর্ডের মাত্র ৮৮৬ জন শিক্ষার্থী সর্বোচ্চ এই ফল অর্জন করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এবার পরীক্ষায় অংশ নিয়েছেন।

সামগ্রিক ফলাফলে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ হলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিপরীতে সবচেয়ে কম শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন কারিগরি শিক্ষা বোর্ড থেকে।