সারাবিশ্ব
পাকিস্তানের কাছে সামরিক তথ্য পাচারের অভিযোগ, ভারতে আরও এক সেনা গ্রেপ্তার
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের আরও এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সেনাবাহিনীসহ বিভিন্ন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য পাকিস্তানের কাছে পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা এলাকা থেকে রাজবীর সিং নামের ওই সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রাজবীর সিং ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন গোপন ও স্পর্শকাতর তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।
গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে পাঞ্জাবের ফাজিলকা থানায় মামলা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা এলাকায় ভুটান সীমান্তের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর শুক্রবার ৩০ অক্টোবর তাকে শিলিগুড়ির একটি আদালতে হাজির করা হয়। এ সময় তাকে পাঞ্জাবে নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরকারি কৌঁসুলি সৌমিত্রা সিং সরকার জানান, ওই সেনা সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর থেকেই তিনি পালিয়ে ছিলেন।
শিলিগুড়ির আদালত তার দুই দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন। এ সময়ের মধ্যে তাকে পাঞ্জাবে নিয়ে যাওয়া হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১ নভেম্বরের মধ্যে অভিযুক্তকে ফাজিলকার অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম আদালতে হাজির করতে হবে।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, রাজবীর সিংকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি ভারত ও ভুটান সীমান্তের কাছাকাছি। তবে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।