সারাদেশ

১৬ ঘণ্টায় ছয় ভূমিকম্প, আবারও কেঁপে উঠল সিলেটসহ বিভিন্ন এলাকা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম

১৬ ঘণ্টায় ছয় ভূমিকম্প, আবারও কেঁপে উঠল সিলেটসহ বিভিন্ন এলাকা
ছবি: সংগৃহীত

সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার ৩১ অক্টোবর দুপুর ২টা ১৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। সব মিলিয়ে গত ১৬ ঘণ্টায় বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে ছয়টি ভূমিকম্পের তথ্য পাওয়া গেছে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টা ১৯ মিনিটে সিলেটের ছাতক থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে ২ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

এর আগে একই দিন সকাল সাড়ে ৬টায় ছাতক থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে।

এ ছাড়া শনিবার সকাল ১০টা ১৬ মিনিটে ভারতের মণিপুরের থৌবাল থেকে ৭৪ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। একই দিন সকাল ৭টা ১৩ মিনিটে ভারতের আসামের রাঙাপাড়া থেকে ১৩ কিলোমিটার উত্তরে ২ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

অন্যদিকে, শুক্রবার ৩০ অক্টোবর রাত ৮টা ৩৯ মিনিটে ভারতের আসামের রাঙাপাড়া থেকে ৪৬ কিলোমিটার উত্তর পশ্চিমে ৩ মাত্রার ভূমিকম্প হয়। এর ছয় মিনিট পর রাত ৮টা ৪৫ মিনিটে মিয়ানমারের সাগাইং অঞ্চলের মাওলাইকের ৪৫ কিলোমিটার পশ্চিমে ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

সব মিলিয়ে ছয়টি ভূমিকম্পের মধ্যে দুটি সিলেটের ছাতক এলাকায়, দুটি ভারতের আসামে, একটি মণিপুরে এবং অন্যটি মিয়ানমারে উৎপত্তি হয়েছে।

এদিকে, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে দরজা ও জানালায় শব্দ এবং কম্পন অনুভবের কথা জানিয়েছেন। তবে অনুভূত প্রতিটি শব্দ ও কম্পনের সঙ্গে নির্দিষ্ট ভূমিকম্পের সরাসরি সম্পর্ক নিশ্চিত হওয়া যায়নি।