শিক্ষা

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু কবে, জানাল শিক্ষা বোর্ড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু কবে, জানাল শিক্ষা বোর্ড
ছবি: সংগৃহীত

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

ফেল করা শিক্ষার্থীরা নতুন করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগামী তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ও এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

শনিবার ৩১ অক্টোবর দুপুরে তিনি জানান, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নতুন করে ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ প্রকাশের পাশাপাশি এ বিষয়ে একটি গাইডলাইন দেওয়া হবে।

তিনি আরও জানান, যেসব শিক্ষার্থী নতুন করে পরীক্ষায় অংশ নিতে চান, তাদের অবশ্যই ফরম পূরণ করতে হবে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ।

এ বছর মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার গত বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।