শিক্ষা

শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

শতভাগ শিক্ষার্থী ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে সংশোধন করা যায়, তা নিয়ে ভাবছে সরকার। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানকে পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার বিষয়টিও বিবেচনা করা হবে। তবে শূন্যপাশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার ৩১ অক্টোবর বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, গত এসএসসি পরীক্ষায় ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও ফল পুনর্নিরীক্ষণ করা হবে। কোনো শিক্ষার্থী যেন মূল্যায়নে অবহেলার শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে ভবিষ্যতে কাজ করা হবে।

তিনি বলেন, এবারের ফল সন্তোষজনক হয়নি। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে আগামী দিনে ফল আরও ভালো করার চেষ্টা করা হবে।

ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কত দিনের মধ্যে তাদের পরীক্ষা নেওয়া হলে ভালো হয়, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়া যায় কি না, সেটিও বিবেচনা করা হচ্ছে।

এবার পাসের হার কমে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষাব্যবস্থার কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

শূন্যপাশ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠান কীভাবে সংশোধন করা যায়, তা ভেবে দেখা হবে। প্রয়োজনে পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার বিষয়টিও বিবেচনা করা হবে। এবার মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী ফেল করেছেন। তাদের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।