সারাবিশ্ব

ভারতের হিন্দুরা গোমূত্র পান করেন, মেঝেতে পড়লে চেটে খান: ইহুদি রাব্বি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পিএম

ভারতের হিন্দুরা গোমূত্র পান করেন, মেঝেতে পড়লে চেটে খান: ইহুদি রাব্বি
ছবি: সংগৃহীত

হিন্দু ধর্মাবলম্বীদের গরুর প্রতি শ্রদ্ধা ও ধর্মীয় বিশ্বাস নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরাইলি-আমেরিকান রাব্বি ইয়োসি মিজরাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারত ও ইসরাইলসহ বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছে।

ভিডিওতে মিজরাহি দাবি করেন, ভারতের হিন্দুরা গরুর পূজা করেন এবং গোমূত্র পান করেন। এমনকি মেঝেতে গোমূত্র পড়ে গেলে তা চেটে খাওয়ার মতো কাজও করেন বলে মন্তব্য করেন তিনি। কিছু চিকিৎসকও এমন কাজ করেন দাবি করে ভারতীয় চিকিৎসকদের নিয়েও বিদ্রূপ করেন ওই রাব্বি।

ভিডিওতে ভারতের এক ব্যক্তির প্রসঙ্গ তুলে মিজরাহি বলেন, ওই ব্যক্তি একসময় তার ফেসবুক পেজে কাজ করতেন এবং ইহুদি ধর্ম গ্রহণে আগ্রহী ছিলেন। তার দাবি, ওই ব্যক্তি ভারতে এমন একটি পরিবারের সঙ্গে বসবাস করতেন, যেখানে তার বাবা ও ভাই গরুর পূজা করতেন।

মিজরাহির ভাষ্য অনুযায়ী, ওই পরিবার গরুকে ঘরের ভেতরে নিয়ে আসত। গরু মেঝেতে মূত্র ত্যাগ করলে পরিবারের সদস্যরা তা চেটে খেতেন বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া ভারতের কিছু মানুষ ফার্মেসি থেকে গোমূত্র কেনেন বলে দাবি করেন মিজরাহি। ভারতীয় চিকিৎসকদের প্রসঙ্গ টেনে বিদ্রূপাত্মকভাবে তিনি বলেন, কেউ নয়াদিল্লির কোনো হাসপাতালে গেলে চিকিৎসক হয়তো আগের রাতে গোমূত্র পান করার পর রোগীকে শুভ সকাল জানাবেন।

দিল্লির রাস্তায় গরুর কারণে যানজট সৃষ্টি হওয়া নিয়েও কটাক্ষ করেন তিনি। বক্তব্যের একপর্যায়ে ভারতীয়দের মতো করে সৃষ্টি না করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান ওই রাব্বি।

এর আগেও বিভিন্ন বিতর্কিত বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন ইয়োসি মিজরাহি। ২০১৫ সালে হলোকাস্টে নিহত ইহুদিদের সংখ্যা নিয়ে মিথ্যা দাবি করার পর তিনি ক্ষমা চান। এ ছাড়া অটিজম ও ডাউন সিনড্রোমকে পূর্বজন্মের পাপের শাস্তি বলেও মন্তব্য করেছিলেন তিনি।

২০১৬ সালে ১৬ জন অর্থোডক্স ইহুদি রাব্বি তার প্রচারপদ্ধতির নিন্দা জানান।

সূত্র: ইন্ডিয়া টুডে