জাতীয়
অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই সনদ’-এর সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি বলেছেন, এই সনদের রাজনৈতিক সমঝোতা ও ঐতিহাসিক গুরুত্ব যেকোনো আইনি ভিত্তির চেয়ে অনেক বেশি।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সিরিজ সেমিনারের ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক পর্বে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদের আইনি স্বীকৃতির প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ এই সনদ চায় কি না, তা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের শেষ দিকে সনদটির আইনি ভিত্তি দেওয়া নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর প্রয়োজন দেখা দেয়।
সনদটিকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে সে সময়ের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তখনো বলেছিলাম, আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। কিন্তু কেউ আর রাজি হলো না। পরবর্তীতে সুপ্রিম কোর্টের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হলে তারাও এই দায়িত্ব নিতে চায়নি। আদালত থেকে বলা হয়েছিল, এটি একটি রাজনৈতিক বিষয়, আপনারাই রাজনৈতিকভাবে এর সমাধান করুন।’