সারাদেশ

প্রেমে ব্যর্থ হয়ে ইউটিউব দেখে ইয়াবা তৈরির কারখানা, টঙ্গীতে যুবক গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম

প্রেমে ব্যর্থ হয়ে ইউটিউব দেখে ইয়াবা তৈরির কারখানা, টঙ্গীতে যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে আবাসিক বাড়ির ভেতরে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। প্রেমের সম্পর্কে ব্যর্থ হয়ে মানসিক ও আর্থিক সংকটে পড়ার পর ইন্টারনেট ও ইউটিউব দেখে নিজ বাসায় ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামের এক যুবক। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

অভিযানকালে ওই বাড়ি থেকে ইয়াবা তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান, কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেপ্তার নাজমুল ইসলাম বাপ্পি টঙ্গীর পাগার আলেক টেক এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে বাপ্পির চলাফেরা ও তার বাসার ওপর নজরদারি করা হচ্ছিল। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর শুক্রবার গভীর রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি বিশেষ দল পাগার আলেক টেক এলাকার ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাসার ভেতরে ইয়াবা তৈরির সরঞ্জামসহ একটি কারখানার সন্ধান পাওয়া যায়। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় বাপ্পিকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি পুলিশকে জানান, প্রেমের সম্পর্কে জড়িয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একই সঙ্গে অর্থনৈতিক সংকটেও পড়েন। এরপর দ্রুত অর্থ উপার্জনের চিন্তা থেকে ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউবে ইয়াবা তৈরির বিভিন্ন কৌশল ও উপাদান সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন। পরে প্রয়োজনীয় রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি সংগ্রহ করে নিজের কক্ষেই গড়ে তোলেন ছোট পরিসরের গবেষণাগার ও কারখানা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মো. এরশাদুল রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্ম ব্যবহার করে আবাসিক এলাকায় এ ধরনের বিপজ্জনক মাদক তৈরির উদ্যোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বাপ্পির সঙ্গে অন্য কোনো চক্রের যোগসাজশ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।