জাতীয়
আড়াই বছর পর চূড়ান্তভাবে চাকরি গেল হারুন অর রশীদের
বহুল আলোচিত সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাকে বরখাস্তের আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার ৩১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বে অনুপস্থিত থাকা এবং কর্মস্থল ত্যাগের অভিযোগে হারুন অর রশীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছিল। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, হারুন অর রশীদ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। অভিযোগের বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত জবাব দেননি।
পরবর্তী সময়ে তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী হারুন অর রশীদের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড আরোপ করা হয়েছে।
হারুন অর রশীদ একসময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পুলিশের অপরাধ ও অপারেশনস বিভাগের দায়িত্বেও ছিলেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে তাকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, তার চাকরি থেকে বরখাস্তের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।