ক্যাম্পাস

কুবিতে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত, অংশ নিলেন ৭০০ শিক্ষার্থী


ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম

কুবিতে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত, অংশ নিলেন ৭০০ শিক্ষার্থী
কুবিতে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত, অংশ নিলেন ৭০০ শিক্ষার্থী। ছবি: ঢাকাপ্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের যৌথ আয়োজনে ১৬তম রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি এবং রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর কুমিল্লা অঞ্চলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম রায়হান উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ৭০০ শিক্ষার্থীর মধ্যে ২০ জনকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তাসফিয়া সুলতানা তানহা। দ্বিতীয় হন সোনার বাংলা কলেজের মুনতাসির ভূঁইয়া এবং তৃতীয় স্থান অর্জন করেন কুমিল্লা সরকারি কলেজের শাহেনুর আক্তার নূর।

প্রথম স্থান অর্জনকারী তাসফিয়া সুলতানা তানহা বলেন, ‘রসায়ন এমন একটি বিষয়, যা প্রতিটি ক্ষেত্রেই উপলব্ধি করা যায়। রসায়নের প্রতি ভালো লাগা থেকেই এ ধরনের অলিম্পিয়াডে অংশগ্রহণ করি।’

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘এখানে উপস্থিত সবাই রসায়নের প্রতি আগ্রহী। আমাদের আশপাশের সবকিছুর সঙ্গেই রসায়ন জড়িত। আজকের এই অলিম্পিয়াড শুধু বিজয়ী ২০ জনের মধ্যে সীমাবদ্ধ নয়। সারাদেশে রসায়নের ব্যাপ্তি ছড়িয়ে দেওয়াই এর মূল উদ্দেশ্য।’

তিনি আরও বলেন, ‘একজন শিক্ষার্থীকে অবশ্যই সময়ের প্রতি যত্নশীল হতে হবে। ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা তুলনামূলক কম পড়াশোনা করলেও যথাযথ শৃঙ্খলা মেনে চলে। এ কারণেই তারা অন্যদের থেকে কিছুটা আলাদা। পড়াশোনার অন্যতম পূর্বশর্ত হলো শৃঙ্খলা মেনে চলা।’

উল্লেখ্য, কুমিল্লা অঞ্চলের বিজয়ী ১০ শিক্ষার্থী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় রসায়ন অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ে বিজয়ী পাঁচজন শিক্ষার্থী তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।