ক্যাম্পাস
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার
সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীর নাম সৈকত হালদার। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার ক্লাস রোল ১১৮৬। তিনি শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
একটি আদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে সৈকত হালদারকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮’-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
অন্য আদেশে বলা হয়েছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে অভিযোগ পর্যালোচনা করে সুপারিশসহ ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুরকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের ওয়ার্ডেন ড. মো. আলমগীর কবির। সদস্যসচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ প্রশাসন শাখার উপরেজিস্ট্রার মো. মাহতাব-উজ-জাহিদকে।
দাপ্তরিক আদেশে আরও বলা হয়েছে, অভিযোগটি দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫(ক) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের আওতাভুক্ত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী শিক্ষার্থীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তদন্ত করা হবে।