রাজনীতি
বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল: কৃষিমন্ত্রী
গত ১৭ বছরে একটি দল চুরি করে খেয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, বিএনপি চোরের দল নয়, ভদ্রলোকের দল, গরিবের দল, কৃষক ও শ্রমিকের দল। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান বিএনপি সরকারের আমলেই হবে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোরের ভবদহ স্লুইস গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। মন্ত্রিসভার একাধিক সদস্যও এ সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছেন।
তিনি বলেন, ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ জমি পুনরায় চাষাবাদের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে সরকার।
মন্ত্রী আরও বলেন, ভবদহের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি স্থায়ী সমাধানের জন্য জোয়ারাধার ব্যবস্থাপনা বা টিআরএম কার্যক্রম গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘমেয়াদি সমাধানের অপেক্ষায় বছরের পর বছর কৃষিজমি অনাবাদি রাখা যাবে না। এ কারণে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে নেওয়া সহযোগী প্রকল্পের লক্ষ্য হলো দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ জমি চাষাবাদের উপযোগী করা।
মোহাম্মদ আমিন উর রশিদ জানান, বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা নিরসন ও সেচ এলাকা উন্নয়নে ২৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচসুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ মেট্রিক টন খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভবদহ অঞ্চলের কৃষি সম্ভাবনা তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, এ অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর এবং কৃষি উৎপাদনের জন্য সম্ভাবনাময়। বিশেষ করে এখানে রসুন উৎপাদনের ব্যাপক সুযোগ রয়েছে। জমিগুলো যথাযথভাবে চাষাবাদের আওতায় আনা গেলে বিপুল পরিমাণ রসুন উৎপাদন সম্ভব হবে। পরিকল্পিতভাবে রসুনের উৎপাদন বাড়ানো গেলে দেশের আমদানিনির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ সম্পর্কে অবগত রয়েছেন। জলাবদ্ধতার দুর্ভোগ থেকে এ অঞ্চলের মানুষকে মুক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়।
মন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ অঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা থাকলে দ্রুততম সময়ে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।