সারাবিশ্ব
ইরান যুদ্ধ শেষ করতে ট্রাম্পকে বাধ্য করার সময় এসেছে: মার্কিন সিনেটর ডাকওয়ার্থ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টির উদ্যোগ নিয়েছেন মার্কিন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। এ লক্ষ্যে ইরানবিরোধী সামরিক অভিযানে অর্থায়ন বন্ধ করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ডাকওয়ার্থের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করতে এবং মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনতে বাধ্য করার সময় এসেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডাকওয়ার্থ বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের অর্থায়ন বন্ধ করার পাশাপাশি প্রেসিডেন্টকে যুদ্ধের অবসান ঘটাতে বাধ্য করার সময় এসেছে। তাঁর মতে, কংগ্রেসের হাতে থাকা অর্থ বরাদ্দ নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যবহার করেই এই সামরিক অভিযান বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব।
ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলীয় এই সিনেটর দাবি করেন, ট্রাম্পের ইরান যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারকে গ্যাস ও ডিজেল কেনার পেছনে অতিরিক্ত ১ হাজার ২০০ ডলারের বেশি ব্যয় করতে হয়েছে। তিনি মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সদস্য। পাশাপাশি তিনি একজন সাবেক সেনাসদস্যও।
ডাকওয়ার্থের এই উদ্যোগে সমর্থন জানিয়েছেন নিউইয়র্কের সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড, ম্যাসাচুসেটসের এলিজাবেথ ওয়ারেন এবং মেরিল্যান্ডের অ্যাঞ্জেলা অলসোব্রুকস। তাঁদের প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক সামরিক অভিযানে সরকারি অর্থ ব্যয় করা যাবে না। একই সঙ্গে এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি, প্রতিরক্ষা সক্ষমতা এবং সেনাসদস্যদের ওপর কী ধরনের প্রভাব পড়েছে, সে বিষয়ে প্রতিরক্ষা বিভাগকে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে।
সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের মতে, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির কারণে সৃষ্ট বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা বন্ধ করতে কংগ্রেসকে তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। বিশেষ করে সামরিক অভিযানের জন্য অর্থ বরাদ্দের ক্ষেত্রে কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা জরুরি বলে মনে করেন তিনি।
এদিকে সিনেটে ডেমোক্র্যাট দলের সংখ্যালঘু নেতা চাক শুমারসহ দলটির একাধিক আইনপ্রণেতা ইরান যুদ্ধের সমালোচনা করেছেন। ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনও যুদ্ধ বন্ধ এবং প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার লক্ষ্যে একাধিক প্রস্তাবের নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া সিনেটর পিটার ওয়েলচ, ট্যামি বল্ডউইন ও ক্রিস ভ্যান হোলেনসহ আরও কয়েকজন আইনপ্রণেতা নতুন করে এই যুদ্ধের জন্য অর্থ বরাদ্দের বিরোধিতা করছেন।
তবে যুদ্ধ বন্ধের দাবি শুধু ডেমোক্র্যাট শিবিরেই সীমাবদ্ধ নেই। রিপাবলিকান দলের কয়েকজন সিনেটরও সামরিক অভিযান নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন র্যান্ড পল, সুসান কলিন্স ও লিসা মুরকাউস্কি। রিপাবলিকান সিনেটর জশ হাউলিও যুদ্ধের অবসানের পক্ষে মত দিয়ে বলেছেন, এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে। ফলে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেও ইরান যুদ্ধ নিয়ে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে।
এর আগে গত ১৯ নভেম্বর যুদ্ধের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে উত্থাপিত একটি প্রস্তাব মার্কিন সিনেটে ৫১-৪৮ ভোটে প্রত্যাখ্যাত হয়। অন্যদিকে জনমত জরিপের তথ্য অনুযায়ী, মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে সমর্থন করছেন। তবে রিপাবলিকান সিনেটরদের অধিকাংশই এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের প্রতি সমর্থন বজায় রেখেছেন।
যুদ্ধের বিরোধীদের দাবি, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কয়েক হাজার কোটি ডলার ব্যয় করেছে। এতে বহু মার্কিন সেনাসদস্য হতাহত হয়েছেন। একই সঙ্গে দেশটির নৌ-সামরিক সম্পদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের জ্বালানি ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এত বিপুল অর্থ ও সামরিক সম্পদ ব্যয়ের পরও ওয়াশিংটন ঘোষিত সামরিক লক্ষ্যগুলো কতটা অর্জন করতে পেরেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ডাকওয়ার্থ ও তাঁর সমর্থক আইনপ্রণেতাদের মতে, কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন ছাড়া দীর্ঘ নয় মাস ধরে চলা এই যুদ্ধ বন্ধে অর্থায়ন বন্ধ করাই হতে পারে সবচেয়ে কার্যকর পদক্ষেপ। তাঁদের প্রত্যাশা, সামরিক অভিযানের জন্য অর্থ বরাদ্দ আটকে দেওয়া গেলে ট্রাম্প প্রশাসনকে যুদ্ধ বন্ধ, সামরিক অভিযান গুটিয়ে নেওয়া এবং মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাধ্য করা সম্ভব হবে।