জাতীয়

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। ফলে রমজানে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

সম্প্রতি ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে এবং পণ্য আমদানির উৎসস্থলে দাম বেড়েছে। এর প্রভাব দেশের বাজারেও পড়েছে। সে কারণেই ভোজ্যতেলের দাম সমন্বয় করতে হয়েছে। সয়াবিন ও পাম অয়েল বাংলাদেশে উৎপাদিত হয় না উল্লেখ করে তিনি বলেন, এসব পণ্যের দাম মূলত আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। একইভাবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও দাম বৃদ্ধির পরিস্থিতি তৈরি হয়।

মন্ত্রী আরও বলেন, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করলে সয়াবিন তেলের দাম আরও কিছুটা বেশি হওয়ার কথা ছিল। তবে আমদানিকারকদের সঙ্গে আলোচনা করে এবং চাপ প্রয়োগের মাধ্যমে বর্তমান দাম বহাল রাখতে তাঁদের রাজি করানো হয়েছে। ফলে আপাতত এর চেয়ে বেশি দাম নির্ধারণ করা হয়নি।

ভোজ্যতেলের দাম নির্ধারণের প্রক্রিয়া ব্যাখ্যা করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর (কস্ট অ্যান্ড ফ্রেইট) মূল্য, বন্দরের বিভিন্ন খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় এবং অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটার তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত হিসাব ও মূল্য নির্ধারণের সূত্র অনুসরণ করা হয়।

তিনি বলেন, তেলের দাম নির্ধারণের হিসাব কোনো গোপন বিষয় নয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট তথ্য ও মূল্য নির্ধারণের সূত্র সংগ্রহ করে নিজেরাই হিসাব যাচাই করতে পারবেন। এতে দাম নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পাওয়া যাবে।

এদিকে, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনে অস্বাভাবিক প্রবণতা দেখা দেওয়ার বিষয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, বিষয়টি সরকারের নজরে এসেছে। এ নিয়ে সরকার সতর্কতামূলক অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খন্দকার আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক ও স্বনির্ভর জীবনযাপনের সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে। তাঁদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সমাজে সম্মানজনকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

উপকারভোগীদের উদ্দেশে তিনি বলেন, কৃত্রিম অঙ্গ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট অঙ্গপ্রত্যঙ্গ তৈরি ও সরবরাহ করবে। উপকারভোগীরা সেগুলো বুঝে পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের অর্থ ছাড় করা হবে। শুধু কৃত্রিম অঙ্গ সরবরাহ করেই দায়িত্ব শেষ হবে না; পরবর্তী সময়ে কোনো ধরনের সেবা, মেরামত বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী আরও বলেন, এই উদ্যোগ শুধু কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। উপকারভোগীদের মধ্যে যাঁরা আগ্রহী, তাঁদের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কিংবা ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) সংশ্লিষ্ট কার্যক্রমের আওতায় বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। এর মাধ্যমে তাঁরা নিজেদের দক্ষতা বাড়িয়ে কর্মসংস্থান কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবেন।

তিনি বলেন, কোনো উপকারভোগীর ব্যবসা করার ভালো পরিকল্পনা থাকলে এবং তা বাস্তবায়নের জন্য সামান্য পুঁজির প্রয়োজন হলে সে বিষয়েও সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। এর ফলে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা অন্যের ওপর নির্ভরশীল না থেকে নিজেরাই উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কাফকোর চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।