রাজনীতি
দাড়ি-টুপি দেখলেই জঙ্গি তকমা দেওয়ার অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে এবং দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে, সেই অপশক্তি এ দেশের মাটিতে টিকে থাকতে পারেনি; শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিলেন। যারা আলেম-ওলামা ও ছাত্র-জনতার বুকে গুলি চালিয়েছিল, এ দেশের মানুষ তাদের কখনোই মেনে নেবে না। তাদের অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে দেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয়, দাড়ি-টুপি কিংবা ইসলামী মূল্যবোধের কারণে কাউকে জঙ্গি হিসেবে চিহ্নিত করার প্রবণতা কখনোই গ্রহণযোগ্য নয়। অতীতে যারা আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত।
অনুষ্ঠানে জুলাই-আগস্টের আন্দোলনে পটিয়া মাদ্রাসার ভূমিকার কথা তুলে ধরেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, মাদ্রাসার ছাত্ররা যেদিন রাজপথে নেমেছিলেন, সেদিন থেকেই হাসিনা সরকারের পতনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছিল। আন্দোলনের সময় তাঁরাও সর্বাত্মকভাবে শিক্ষার্থীদের পাশে ছিলেন। ফ্যাসিবাদের পতনে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য।
দুই দিনব্যাপী এ মহাসম্মেলনে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক একরামুল হক ওদুদী। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, বাঁশখালী আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ দেশের বিশিষ্ট আলেম-ওলামারা।
মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় মূল্যবোধ, আলেম-ওলামাদের অধিকার, সামাজিক ঐক্য এবং দেশের রাজনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন।