রাজনীতি

গণতন্ত্র টেকসই করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি অপরিহার্য: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

গণতন্ত্র টেকসই করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি অপরিহার্য: রিজভী
ছবি: সংগৃহীত

গণতন্ত্রকে টেকসই ও স্থায়ী রূপ দিতে হলে দেশে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ছাড়া দেশে গণতন্ত্রকে স্থায়ী করা সম্ভব নয়। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে ব্যর্থ হওয়ার কারণেই বাংলাদেশে বারবার ফ্যাসিবাদ, স্বৈরাচার ও একদলীয় শাসনের উত্থান ঘটেছে। গণতন্ত্রকে স্থায়িত্ব দিতে হলে এর ভিত্তি শক্তিশালী করতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ মিলন চত্বরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমানউল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় শহীদ ডা. মিলনের মা-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, শহীদ ডা. মিলনের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে যে গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটেছিল, সেই চেতনা পরবর্তী সময়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে মানুষকে অনুপ্রাণিত করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার আত্মত্যাগ জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

শহীদ মিলনের মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, একজন শহীদের মায়ের আকুতি ও অনুভূতি সবাইকে উপলব্ধি করতে হবে। তিনি একজন অসাধারণ নারী। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এবং অংশগ্রহণ গণতান্ত্রিক চেতনা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের অনন্য দৃষ্টান্ত।

সমাজ ও রাষ্ট্রে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, মানুষের মধ্যে মতপার্থক্য ও ভিন্নমত থাকতেই পারে। কিন্তু একই সমাজ ও রাষ্ট্রে বসবাস করার কারণে একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ভিন্নমত সহ্য করার মানসিকতা এবং পরমতসহিষ্ণুতা ছাড়া প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়।

শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, তাঁর আত্মদান কেবল একজন ব্যক্তির জীবন উৎসর্গ করার ঘটনা নয়; বরং এটি ছিল একটি বৃহত্তর আদর্শ প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ। সেই আদর্শ হচ্ছে গণতন্ত্র। যারা কোনো মহৎ আদর্শ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেন, তাঁরাই প্রকৃত অর্থে শহীদ।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে রিজভী বলেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছিল। সেই সংকট কাটিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করা হয়েছিল। তাঁর দাবি, এ ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে একই রাজনৈতিক দলের ক্ষমতায় থাকার ধারাবাহিকতা দেখা যায়নি।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা একটি কার্যকর পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের কাঠামো ও চর্চায় ভিন্নতা থাকলেও এর মূল ভিত্তি হচ্ছে জনগণের শাসন এবং জনগণের মতামতের যথাযথ প্রতিফলন।

রিজভী বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হওয়ার পর এটিকে আরও কার্যকর ও স্থায়ী করার উদ্যোগ নেওয়া উচিত ছিল। কিন্তু যারা একসময় আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই ব্যবস্থার দাবি জানিয়েছিলেন, পরবর্তী সময়ে তাঁরাই তা বিলুপ্ত করেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

শহীদ ডা. শামসুল আলম খান মিলনের অবদানকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তিনি ছিলেন একজন পেশাজীবী ও চিকিৎসক। দেশের একটি মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা এই চিকিৎসক বৃহত্তর গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। তাঁর স্মৃতি ও আত্মত্যাগকে যথাযথভাবে সংরক্ষণ করতে রাষ্ট্রীয় পর্যায়ে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাঁর নামে এমন কিছু প্রতিষ্ঠা করা উচিত, যার মাধ্যমে তিনি বড় ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করবেন।

উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে শহীদ হন চিকিৎসক ডা. শামসুল আলম খান মিলন। তৎকালীন এরশাদ সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে চলমান আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ওই দিন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত একটি সভায় যোগ দিতে রিকশাযোগে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর ঘটনা স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নতুন মাত্রা যোগ করে।