সারাদেশ
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
উপজেলার নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা এবং সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় এ মামলা করা হয়।
গত ২৩ নভেম্বর বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে মামলাটি করেন। বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা খালেক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘবদ্ধভাবে বেআইনি জনতা সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়। পাশাপাশি কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তাদের সাধারণ ও গুরুতর জখম করা হয়।
এজাহারে আরও বলা হয়, হামলার সময় সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি মালামালের ক্ষতিসাধন করা হয়। এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়েছে।
মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু গণমাধ্যমকে বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি এবং বিজিবির পক্ষ থেকে আরেকটি মামলা করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এর আগে গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে আরেকটি মামলা করেন। ওই মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ হাজার জনকে আসামি করা হয়।
মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, সহসভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামচুল হক এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ ২৬ জন।
ওই মামলার এজাহারে থানা ভবন, ব্যারাক, সরকারি যানবাহনসহ অন্যান্য সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।
থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা দুই মামলায় মোট ১৩ হাজার ৩৪ জনকে আসামি করা হয়েছে।