সারাদেশ
মাদক নয়, মূল উদ্দেশ্য ছিল চুরি; দেখে ফেলায় শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে। মাদক সেবন নয়, মূলত বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। চুরির পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাড়ির ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় প্রথমে তাঁকে হত্যা করা হয়। এরপর একে একে তাঁর স্ত্রী, মেয়ে ও ১২ বছর বয়সী ছেলেকেও হত্যা করেন তাঁরা।
তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) হত্যাকাণ্ডের পেছনের কারণ ও ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
পুলিশ জানায়, আলোচিত এ হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁরা দুজনই রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া তথ্যের পাশাপাশি আদালতে দেওয়া তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ফরেনসিক পরীক্ষার ফলাফল হত্যাকাণ্ডে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করেছে বলে দাবি পুলিশের।
পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ সংবাদ সম্মেলনে বলেন, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে সংগৃহীত সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যের সঙ্গেও তাঁদের জবানবন্দির মিল রয়েছে।
হত্যাকাণ্ডের পেছনের কারণ ও পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি জানান, এটি মূলত পরিকল্পিত চুরির ঘটনা থেকে সংঘটিত হত্যাকাণ্ড। গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় প্রচলিত আলোচনা ছিল। তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও নিয়মিত স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য থেকেই বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন সিদ্ধার্থ ও মুগ্ধ।
তদন্তে আরও জানা গেছে, হত্যাকাণ্ডের ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়লে তাঁর সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে যান দুই আসামি। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁরা ছাদে অবস্থান নেন। সেখানে অপেক্ষা করার সময় তাঁরা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদে শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাঁদের দেখে ফেলেন। এ সময় তাঁকে নিয়ন্ত্রণে নিতে তাঁর গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
গণপতি চক্রবর্তীর চিৎকার ও ছাদের শব্দ শুনে সেখানে ছুটে যান তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগমী চক্রবর্তী। পুলিশের দাবি, তাঁরাও দুই আসামির সামনে পড়ে যাওয়ায় তাঁদের হত্যা করা হয়। পরে বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকেও হত্যা করেন তাঁরা। আগমী চক্রবর্তীকে হত্যার সময় দুই আসামির সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। এ ঘটনায় সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, চুরি করা নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরবর্তী সময়ে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে আসামিদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, এসব নমুনার মধ্যে খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষায় নিহত পরিবারের সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কোনো ব্যক্তির ডিএনএর উপস্থিতি শনাক্ত হয়নি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়েও এলাকায় নানা আলোচনা ছিল। তিনি অবসর গ্রহণের পর ৫০ থেকে ৬০ লাখ টাকা পেয়েছেন বলে স্থানীয়ভাবে প্রচলিত থাকলেও পুলিশের তদন্তে এর সত্যতা পাওয়া যায়নি। পুলিশ জানায়, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। বর্তমানে হিসাব দুটি জব্দ অবস্থায় রয়েছে।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী এবং ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ বলেন, এখনো মামলার বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন করা হলে বিচার কার্যক্রম শুরু হবে। তখনই আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।
তবে পুলিশের দেওয়া তদন্তের ব্যাখ্যা ও হত্যাকাণ্ডের কারণ নিয়ে সন্তুষ্ট নন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই এবং মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি পুলিশের দাবিকে প্রত্যাখ্যান করে বলেন, শুধু টাকা চুরির জন্য একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে-এটি একটি খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে। শুরু থেকেই তাঁরা বলে আসছেন, দুই ব্যক্তির পক্ষে একাই চারজনকে হত্যা করা সম্ভব নয়। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হলেও তাঁদের বক্তব্য যথাযথ গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তিনি।
আগের তদন্তে হত্যাকাণ্ডের যে বিবরণ দিয়েছিল পুলিশ
এর আগে গত ২৩ আগস্ট দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ হত্যাকাণ্ডের ভিন্ন একটি বিস্তারিত বিবরণ তুলে ধরেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের ভবনটি দেবু দাসের। ওই ভবন ব্যবহার করে বৃহস্পতিবার ভোররাতে মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে প্রবেশ করেন। সেখানে বসে ইয়াবা সেবনের একপর্যায়ে শব্দ শুনে ছাদে আসেন গণপতি। তাঁর গলায় থাকা গামছা দিয়ে দুই আসামি শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেন।
তৎকালীন পুলিশ কমিশনার আরও জানিয়েছিলেন, গণপতির চিৎকার শুনে তাঁর স্ত্রী প্রীতিলতা সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠতে থাকেন। এ সময় সিঁড়িতে ওত পেতে থাকা দুই আসামি একই গামছা দিয়ে তাঁর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মেয়ে আগমী চক্রবর্তী এগিয়ে এলে তাঁকেও হত্যার চেষ্টা করেন তাঁরা। প্রথমে গামছা দিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হলেও তাতে মৃত্যু না হওয়ায় রশি ব্যবহার করা হয়। এতে আগমীর মুখের চোয়াল ভেঙে যায়। প্রায় পাঁচ মিনিট ধরে চেষ্টা চালিয়ে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছিলেন তিনি।
এরপর দুই আসামি বাড়ির ভেতরে গিয়ে ঘুমন্ত অবস্থায় ছোট ছেলে প্রিয়মকে দেখতে পান। সে তাঁদের চিনে ফেলতে পারে—এমন আশঙ্কা থেকে গলায় গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয় বলে আগের সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন তৎকালীন পুলিশ কমিশনার।
তিনি আরও জানিয়েছিলেন, হত্যাকাণ্ডের পর দুই আসামি উত্তেজিত অবস্থায় ছিলেন। কিছুক্ষণ পর তাঁরা শান্ত হলে প্রিয়মের বাথরুমে গোসল করেন। এরপর ডাইনিং টেবিলে বসে বাড়িতে থাকা খেজুর খান এবং ফ্রিজ থেকে শসা বের করে খান। পরে আবার ইয়াবা সেবন করেন। সকাল হওয়ার পর বাড়ি থেকে বের হওয়ার পরিকল্পনা করতে থাকেন তাঁরা। জুমার দিন হওয়ায় নামাজের সময় বাড়ি থেকে বের হওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানানো হয়েছিল।
ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখানোর উদ্দেশ্যে বাড়ির বিভিন্ন আসবাবপত্র তছনছ করে মেঝেতে ফেলে রাখা হয়। আলমারির ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার নিয়ে যান তাঁরা। বাড়ি থেকে বের হওয়ার আগে গণপতি চক্রবর্তীর ব্যবহৃত দুটি মোবাইল ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, যাতে ফোনে আঙুলের ছাপ পাওয়া না যায় বলে জানিয়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনার।
ডোপ টেস্টে মেলেনি মাদক সেবনের প্রমাণ, ডিএনএ পরীক্ষায় মিলেছে আলামত
এ হত্যাকাণ্ডের তদন্ত ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়। গ্রেপ্তারের পর দুই আসামির ডোপ টেস্ট করা হলে তাঁদের শরীরে মাদক সেবনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের নয় দিন পর তাঁদের ডোপ টেস্ট করা হয়েছিল বলে জানা গেছে। অন্যদিকে, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির উপস্থিতির প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ।
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগমী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকার বাসিন্দা প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী সময়ে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
তবে শুরু থেকেই দুই আসামির পক্ষে একাই একই পরিবারের চারজনকে হত্যা করার বিষয়টি অবিশ্বাস্য বলে দাবি করে আসছিলেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কেউ জড়িত থাকলে তাঁদেরও আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন স্বজন, এলাকাবাসী ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।
সব মিলিয়ে, পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের পেছনে চুরির উদ্দেশ্য, দুই আসামির সংশ্লিষ্টতা এবং ফরেনসিক আলামতের বিষয়গুলো উঠে এলেও নিহত পরিবারের স্বজনদের অভিযোগ ও হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কারও সংশ্লিষ্টতার প্রশ্নটি এখনো আলোচনায় রয়েছে। মামলার বিচারিক প্রক্রিয়ায় এসব প্রশ্নের চূড়ান্ত নিষ্পত্তি হবে।