সারাবিশ্ব

সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি, বাংলাদেশির কারাদণ্ড


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি, বাংলাদেশির কারাদণ্ড
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এক বাংলাদেশি যুবক। পরে জামিনে মুক্তি পেয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। দ্বিতীয়বার গ্রেপ্তারের সময় মাতাল অবস্থায় পুলিশের সঙ্গে অসদাচরণ এবং এক পুলিশ কর্মকর্তার গায়ে থুতু নিক্ষেপের ঘটনাও ঘটে। পৃথক দুই ঘটনায় আদালতে দোষ স্বীকার করায় ওই বাংলাদেশি যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত বাংলাদেশির নাম খন্দকার মো. ইয়ামিন। তাঁর বয়স ২৩ বছর। গত ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে মদ্যপ অবস্থায় ২৬ বছর বয়সী এক বিমানবালাকে যৌন হয়রানি করেন তিনি। ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে মুক্তি পান তিনি।

আদালতের নথি অনুযায়ী, ফ্লাইটে থাকা অবস্থায় তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন ইয়ামিন। এতে তিনি মাতাল হয়ে পড়েন। ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি পাশ দিয়ে যাওয়া এক বিমানবালার স্পর্শকাতর স্থানে হাত দেন। আদালতে সহকারী সরকারি কৌঁসুলি ক্লারা লো জানান, কয়েক সেকেন্ড ধরে ওই বিমানবালাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন ইয়ামিন।

এ ঘটনায় ২৬ বছর বয়সী ওই বিমানবালা আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে পড়েন। তিনি ইয়ামিনকে স্পষ্টভাবে তাঁকে স্পর্শ করতে নিষেধ করেন। কিন্তু ইয়ামিন কোনো কথা না বলে তাঁর দিকে তাকিয়ে হাসেন। পরে ভুক্তভোগী বিমানবালা তাঁর এক সহকর্মীকে বিষয়টি জানান। ওই সহকর্মী ইয়ামিনের মুখোমুখি হয়ে ঘটনার প্রতিবাদ করেন এবং পরে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ সদস্যরা চাঙ্গি বিমানবন্দরে অবস্থান নেন। ফ্লাইটটি অবতরণের পর তাঁরা ইয়ামিনকে গ্রেপ্তার করেন। তবে আদালতের নথিতে ফ্লাইটটি কোন দেশ বা শহর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়েছিল, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

প্রথম ঘটনায় জামিনে মুক্তি পাওয়ার পরও নিজেকে সংশোধন করেননি ইয়ামিন। বরং প্রায় এক মাসের মধ্যে আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া এলাকার কাছে জালান বেরসেহ সড়কে তাঁকে মাতাল অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ সময় তিনি একটি শক্ত স্থানে হেলান দিয়ে বসে কাঁদছিলেন এবং অসংলগ্নভাবে চিৎকার করছিলেন।

সহকারী সরকারি কৌঁসুলি আদালতকে জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইয়ামিনকে মাতাল অবস্থায় দেখতে পান। তখন তাঁর নাক দিয়ে রক্ত ঝরছিল। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসাকর্মীরা তাঁর রক্তচাপ মাপার চেষ্টা করেন। কিন্তু তিনি চিকিৎসাকর্মীদের সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে মাটিতে শুয়ে এদিক-সেদিক ছটফট করতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর তিনি সিগারেট চান। কিন্তু পুলিশ সদস্যরা তাঁকে সিগারেট দিতে অস্বীকৃতি জানালে তিনি আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। একপর্যায়ে একজন পুলিশ কর্মকর্তা তাঁর পা চেপে ধরে রাখলে ইয়ামিন ওই কর্মকর্তার গায়ে থুতু নিক্ষেপ করেন।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তার ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগ আনা হয়। পাশাপাশি বিমানে বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগও আদালতে বিচারাধীন ছিল।

দুই ঘটনায় নিজের দোষ স্বীকার করেন খন্দকার মো. ইয়ামিন। পরে গত ২৩ নভেম্বর সিঙ্গাপুরের একটি আদালত তাঁকে মোট চার মাসের কারাদণ্ড দেন। বিমানবালাকে যৌন হয়রানি এবং দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার ওপর অপরাধমূলক বলপ্রয়োগের ঘটনায় তাঁকে এই সাজা দেওয়া হয়।