অর্থনীতি

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা, পাঁচ লিটারের বোতলে ১৫ টাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা, পাঁচ লিটারের বোতলে ১৫ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। বোতলজাত ও খোলা-উভয় ধরনের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা করে বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম অপরিবর্তিত রেখে লিটারপ্রতি ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভায় আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ পাঁচ লিটারের প্রতি বোতলে ভোক্তাদের অতিরিক্ত ১৫ টাকা গুনতে হবে। অন্যদিকে, খোলা পাম তেলের দাম আগের মতোই থাকছে। ফলে নতুন সিদ্ধান্তে মূলত সয়াবিন তেলের বাজারেই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশের ভোজ্যতেলের বর্তমান মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলার পরিস্থিতি এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বৈশ্বিক বাজারের প্রবণতা ও দেশের অভ্যন্তরীণ সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সর্বসম্মতিক্রমে সয়াবিন তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর দেশে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম নির্ধারণ করা হয়নি। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণের দাবি জানান তাঁরা।

ব্যবসায়ী সংগঠনটির প্রতিনিধিরা আরও জানান, আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা এবং সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ জন্য আন্তর্জাতিক বাজারের মূল্য পরিস্থিতি ও বর্তমান আমদানি ব্যয়ের ভিত্তিতে তেলের দাম সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

এদিকে, নতুন দাম নির্ধারণের পাশাপাশি বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি, অবৈধভাবে পণ্য মজুত এবং কৃত্রিম সংকট তৈরির মতো অনিয়ম ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।