অর্থনীতি
রমজানে ফলের দাম সহনীয় রাখতে খেজুর-আপেল-কমলার শুল্ক কমল
আসন্ন পবিত্র রমজান মাসে ফলের বাজারে দাম সহনীয় রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্তের ফলে ফল তিনটির আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। এতে আমদানি ও বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি খুচরা বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে সংস্থাটি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে শুল্ক-কর কমানোর এ সিদ্ধান্তের কথা জানায় এনবিআর। নতুন শুল্কহার অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আপেল ও কমলা আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, খেজুর আমদানিতে কমানো শুল্কহার আগামী ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে খেজুর আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমে আসবে। অর্থাৎ, আগের তুলনায় উল্লেখযোগ্য হারে কম শুল্ক-কর পরিশোধ করে ব্যবসায়ীরা খেজুর আমদানি করতে পারবেন।
অন্যদিকে, আপেল ও কমলা আমদানির ক্ষেত্রেও বড় ধরনের শুল্কছাড় দেওয়া হয়েছে। এ দুটি ফলের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণের পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ করা হয়েছে। এতে আপেল ও কমলা আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশে দাঁড়াবে। নতুন এ শুল্ক-করহার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
এনবিআরের প্রত্যাশা, শুল্ক-কর কমানোর ফলে আমদানিকারকদের ব্যয় কমবে এবং বাজারে ফল তিনটির সরবরাহ বাড়বে। বিশেষ করে রমজান মাসে খেজুরের বাড়তি চাহিদা বিবেচনায় এ সিদ্ধান্ত ভোক্তাদের জন্য সহায়ক হবে। পাশাপাশি আপেল ও কমলার আমদানি ব্যয় কমায় বাজারে এসব ফলের দাম নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
জানা গেছে, আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এনবিআর নতুন শুল্ক-করহার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।
দেশে আপেলের আমদানি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। তবে পরবর্তী বছরগুলোতে আমদানির পরিমাণ কমতে থাকে। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬২ হাজার টনে নেমে আসে, যা আলোচিত সময়ের মধ্যে সর্বনিম্ন। অবশ্য ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি কিছুটা বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়।
অন্যদিকে, কমলা আমদানির চিত্রে দেখা গেছে আরও ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা। ২০২০-২১ অর্থবছরে দেশে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি করা হয়েছিল। পরবর্তী বছরগুলোতে আমদানির পরিমাণ কমতে কমতে ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৬৯ হাজার টনে দাঁড়ায়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে নেমেছে, যা গত ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।
তবে শুল্ক-কর কমানোর সিদ্ধান্তে আমদানিকারকদের ব্যয় কমলেও এর সুফল সাধারণ ক্রেতাদের কাছে কতটা পৌঁছাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে বাজারসংশ্লিষ্টদের মধ্যে। তাঁদের মতে, আমদানি ব্যয় কমার সঙ্গে সঙ্গে বাজারে খুচরা দামও কমানো নিশ্চিত করতে হবে। অন্যথায় শুল্কছাড়ের সুবিধা ব্যবসায়ীদের মধ্যেই সীমাবদ্ধ থেকে যেতে পারে। তাই আমদানির পাশাপাশি বাজার তদারকি ও মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, শুল্কছাড়ের সুবিধা যথাযথভাবে বাজারে প্রতিফলিত হলে আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলা কিনতে গিয়ে আগের তুলনায় কিছুটা স্বস্তি পাবেন সাধারণ ভোক্তারা।