সারাদেশ
নোয়াখালীতে পুকুরের সিঁড়ির নিচে আটকে প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর
নোয়াখালীর কবিরহাটে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে সিঁড়ির নিচে আটকে মিনহাজ আহম্মেদ সীমান্ত (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকার একটি পুকুরের সিঁড়ির নিচ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত মিনহাজ আহম্মেদ সীমান্ত নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালামিয়ার পোল এলাকার বাসিন্দা। সে মৃত জহিরুল ইসলাম জুয়েলের ছেলে এবং স্থানীয় নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলতে যায় সীমান্ত। খেলা শেষে তিন বন্ধু মিলে বিদ্যালয়ের পাশের একটি পুকুরে গোসল করতে নামে। তারা পুকুরের সিঁড়ির এক পাশ দিয়ে পানিতে নেমে অন্য পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। এ সময় কোনো একপর্যায়ে সীমান্ত পুকুরের সিঁড়ির নিচে আটকে যায়। পানির নিচে আটকে পড়ায় সে আর ওপরে উঠে আসতে পারেনি।
এদিকে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সীমান্তকে পানির ওপরে ভেসে উঠতে না দেখে তার দুই বন্ধু বিষয়টি স্থানীয়দের জানায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে পুকুরের সিঁড়ির নিচে আটকে থাকা অবস্থায় সীমান্তের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল কবির সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাত ৮টার দিকে পুকুরের সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল বড়ুয়া বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।