সারাদেশ

সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেফতার ৪


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেফতার ৪
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (২৫ নভেম্বর) ভোর পর্যন্ত নগরের জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তাঁর ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কয়েকজন শীর্ষ নেতা অবস্থান করছেন-এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালি থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল হোটেলটিতে অভিযান শুরু করে। এ সময় হোটেলটি ঘিরে রাখা হয় এবং ভেতরে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় যাচাই ও তল্লাশি করা হয়।

এদিকে, পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী হোটেলটির নিচে অবস্থান নেন। ফলে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ রাতভর তল্লাশি ও যাচাই-বাছাই শেষে বুধবার ভোররাত ৫টার দিকে শাওন আরমান, আমিনুর রহমান, আব্দুস শুক্কুর ও মোহাম্মদ হোসেনকে গ্রেফতার করে। পরে তাঁদের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, গ্রেফতার চারজন মঙ্গলবার সকালে সিলেট ভ্রমণের উদ্দেশ্যে হোটেলটিতে ওঠেন। তবে তাঁদের অবস্থান সম্পর্কে পুলিশের কাছে গোপন তথ্য আসার পরই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশের কাছে গোপন সংবাদ ছিল যে, ওই আবাসিক হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরে হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তথ্য যাচাই করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।