সারাদেশ
আপত্তিকর ভিডিও ফাঁস, ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি
সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ মোহাম্মদ হোসেন নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। ইতোমধ্যে বিষয়টি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলকে জানানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এক তরুণীর সঙ্গে এস এম নয়নের একটি আপত্তিকর ভিডিও কল ছড়িয়ে পড়ে। ভিডিওটির দৈর্ঘ্য ১০ মিনিট ৩৭ সেকেন্ড। এটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের পটিয়াসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা শুরু হয়। ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যেও এ নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয়।
উল্লেখ্য, সাংগঠনিক পদ থেকে অব্যাহতি পাওয়া এস এম নয়ন চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।