সারাবিশ্ব

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। বার্ষিক নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে আগামী বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ইউনিটটির উৎপাদন বন্ধ হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর ইউনিটটি পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরবে। 

বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আদানি পাওয়ার এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই ইউনিটটি বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। এ সময়ে প্রয়োজনীয় কারিগরি পরিদর্শন, যন্ত্রপাতির সার্ভিসিং এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সম্মতিও নেওয়া হয়েছে।

ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। কেন্দ্রটিতে দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটির উৎপাদনক্ষমতা ৮০০ মেগাওয়াট। বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুযায়ী, এই কেন্দ্র থেকে বাংলাদেশে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা রয়েছে। ফলে একটি ইউনিট বন্ধ থাকাকালে কেন্দ্রটির উৎপাদনক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ২০১৭ সালের নভেম্বরে আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে কেন্দ্রটি নির্মাণ করে আদানি গ্রুপ। ২০২৩ সালের ৯ মার্চ কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরবর্তী সময়ে দ্বিতীয় ইউনিট থেকেও উৎপাদন শুরু হলে কেন্দ্রটির পূর্ণ উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াটে পৌঁছায়।

এদিকে শীত মৌসুম শুরু হওয়ায় দেশে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কমে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চাহিদা ও দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎ উৎপাদন কমলেও নভেম্বরের প্রথম ১৫ দিনে ভারত থেকে বিদ্যুৎ আমদানির পরিমাণ আগের মাসের একই সময়ের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেড়েছে। ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য অনুযায়ী, অক্টোবরে ভারত থেকে দৈনিক গড়ে ৩৩ দশমিক ৬ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ আমদানি করা হয়েছিল। নভেম্বরে এ পরিমাণ বেড়ে দৈনিক গড়ে ৪৬ মিলিয়ন ইউনিটে দাঁড়িয়েছে।

এনএলডিসির পরিসংখ্যান অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার সময় আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৪৩০ দশমিক ০৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। তবে পরদিন ১০ সেপ্টেম্বর কেন্দ্রটির সরবরাহ কমে ৬৯১ দশমিক ৪৪ মেগাওয়াটে নেমে আসে। 

নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আগামী ২৫ দিন আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় কেন্দ্রটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ কমতে পারে। তবে এ সময়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে দেশের বিদ্যুতের চাহিদা, অন্যান্য বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন এবং বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের ওপর।