সারাদেশ

গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে এক্সট্রা চর্বি দিয়ে ভরা, মাংস নিয়ে আদালতে নারী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে এক্সট্রা চর্বি দিয়ে ভরা, মাংস নিয়ে আদালতে নারী
ছবি: সংগৃহীত

পরিবারের সদস্যদের জন্য শখ করে গরুর নলি রান্না করতে চেয়েছিলেন পুরান ঢাকার ওয়ারী এলাকার বাসিন্দা লাইলী বেগম। সেই উদ্দেশ্যে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি মাংসের দোকান থেকে গরুর মাংস ও নলি কেনেন তিনি। কিন্তু বাড়িতে ফিরে নলি কাটতেই দেখা যায়, ভেতরে মাংসের পরিবর্তে ঠাসা রয়েছে অতিরিক্ত চর্বি। এ ঘটনায় দোকানির কাছে প্রতিকার চাইতে গিয়ে উল্টো হুমকির মুখে পড়ার অভিযোগ করেছেন তিনি। পরে কেনা মাংস ও নলির নমুনা সঙ্গে নিয়ে ন্যায়বিচার ও প্রতিকারের আশায় হাজির হন ঢাকা আদালতপাড়ায়।

বুধবার দুপুর ২টার পর ঢাকা আদালত চত্বরে কেনা মাংস ও নলির নমুনা হাতে নিয়ে বিভিন্নজনের কাছে নিজের অভিযোগ তুলে ধরতে দেখা যায় লাইলী বেগমকে। তাঁর হাতে থাকা সবুজ পলিথিনে সংরক্ষিত ছিল মাংস ও নলির দুটি অংশ। এর মধ্যে একটি স্বাভাবিক নলি এবং অন্যটিতে কৃত্রিমভাবে চর্বি ভরে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, ক্রেতাদের সঙ্গে এভাবে প্রতারণা করে অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করছেন অসাধু ব্যবসায়ীরা।

লাইলী বেগম জানান, তিনি প্রতি কেজি ৮০০ টাকা দরে গরুর মাংস এবং ৫৫০ টাকা দিয়ে এক কেজি গরুর নলি কিনেছিলেন। পরিবারের সদস্যদের জন্য রান্না করার উদ্দেশ্যে নলিটি বাড়িতে নিয়ে যান। কিন্তু সেটি কাটার পর ভেতরে মাংসের পরিবর্তে বিপুল পরিমাণ চর্বি দেখতে পান। তাঁর দাবি, নলির ভেতরে প্রায় এক কেজির কাছাকাছি চর্বি পাওয়া গেছে। এতে তিনি বিস্মিত ও ক্ষুব্ধ হন।

এ বিষয়ে লাইলী বেগম বলেন, কেনা দুটি নলির মধ্যে একটি স্বাভাবিক থাকলেও অন্যটির ভেতরে চর্বি ভরে দেওয়া হয়েছে। মাংসের আশায় নলি কিনে বাড়িতে নিয়ে যাওয়ার পর সেটির ভেতরে প্রায় পুরোটাই চর্বি দেখতে পান তিনি। একজন সাধারণ ক্রেতা হিসেবে এ ধরনের প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ঘটনাটি বুঝতে পেরে কেনাকাটার প্রায় এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট দোকানে ফিরে যান লাইলী বেগম। দোকানির কাছে পণ্য পরিবর্তন করে দেওয়া অথবা সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার দাবি জানান তিনি। তবে তাঁর অভিযোগ, দোকানি পুরো টাকা ফেরত দিতে রাজি হননি। বরং ৫৫০ টাকা মূল্যের নলির বিপরীতে মাত্র ৩৫০ টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেন।

লাইলী বেগমের দাবি, তিনি ওই প্রস্তাবে রাজি না হয়ে কেনা পণ্য পরিবর্তন করে দেওয়া অথবা সম্পূর্ণ টাকা ফেরত চান। এ সময় বিষয়টি সাংবাদিক ও পুলিশকে জানানো হবে বলে উল্লেখ করলে দোকানির পক্ষ থেকে তাঁকে ‘আমাদের কিছু হবে না’ বলে হুমকি দেওয়া হয়। এতে পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে ওঠে। তবে এ বিষয়ে অভিযুক্ত দোকানি বা সংশ্লিষ্ট মাংস বিক্রেতার বক্তব্য পাওয়া যায়নি।

কেন আদালতপাড়ায় এসেছেন, সে বিষয়ে লাইলী বেগম বলেন, তাঁর উদ্দেশ্য শুধু নিজের কেনা পণ্যের টাকা ফেরত পাওয়া নয়; বরং এ ধরনের প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং অন্য ক্রেতাদের সচেতন করা। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ কষ্টের উপার্জন দিয়ে প্রয়োজনীয় পণ্য কেনেন। তাঁদের সঙ্গে এ ধরনের প্রতারণা হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়তে হয়। তাই এ ঘটনার সুষ্ঠু প্রতিকার হওয়া প্রয়োজন।

তিনি আরও জানান, কেনা মাংস ও নলির নমুনা সঙ্গে নিয়ে আদালত এলাকায় এসেছেন, যাতে নিজের অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারেন এবং বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের নজরে আসে। একই সঙ্গে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

এ বিষয়ে ঢাকা আদালতের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম বলেন, প্রতারণার পরিমাণ কম হোক কিংবা বেশি, তা আইনত অপরাধ। দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণার মাধ্যমে কাউকে অর্থ বা সম্পত্তি হস্তান্তরে প্ররোচিত করার অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। এ ধরনের প্রতারণার শিকার হলে ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার পাশাপাশি আদালতেও আইনগত প্রতিকার চাইতে পারেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, লাইলী বেগম এ ঘটনায় অভিযোগ জানাতে ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানায় গেছেন। তবে তাঁর অভিযোগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।