সারাদেশ

রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটককে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ এএম

রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটককে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১টার দিকে নগরের সদর হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে।

জানা গেছে, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের নেতৃত্বে মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক মিলন ও তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়। হামলার শিকার নেতাকর্মীদের অভিযোগ, এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতা ছিল।

এ বিষয়ে লিমনের করা একটি ফেসবুক লাইভে তাকে বলতে শোনা যায়, মামলার আসামি ও ১১ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাইনুরকে রাজপাড়া থানার টিভি পুকুর এলাকা থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই সময় মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের চাচাতো ভাই ওই এলাকায় আওয়ামী লীগের কথিত সন্ত্রাসীদের সঙ্গে বৈঠক করছিলেন বলে দাবি করেন তিনি।

লিমন আরও অভিযোগ করেন, শাইনুরকে পুলিশের হাতে তুলে দেওয়ার কাজে অন্য পক্ষ বাধা দেয়। পরে তাকেও ছাত্রলীগের সহযোগী হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়া হলে বাসায় ফেরার পথে সদর হাসপাতাল মোড়ে শাফায়েত হোসেন মান্নাতের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

লিমনের দাবি, ছাত্রলীগের সহযোগিতায় এ হামলা চালানো হয়েছে এবং এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার সময় রাজশাহী মহানগর যুবদলের দুই যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব ও ইসমাইল আলী রাহিসহ ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের পাশাপাশি পিস্তল ও বোমা ব্যবহারের অভিযোগও উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, লিমনসহ তার নেতাকর্মীরা সদর হাসপাতাল মোড়ে অবস্থান করছিলেন। এ সময় মান্নাতসহ কয়েকটি মোটরসাইকেলে করে একটি দল সেখানে এসে উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে লিমন বলেন, যারা দিনরাত ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করছেন, তাদের ওপরই যদি ছাত্রলীগের সহযোগিতায় হামলা চালানো হয়, তাহলে তারা কার কাছে বিচার চাইবেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে হামলায় জড়িত ও ইন্ধনদাতাদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রতিকার চেয়ে লিমন বলেন, মহানগর ছাত্রদলের দায়িত্বশীল নেতা হয়েও নেতাকর্মীদের ওপর হামলার শিকার হতে হয়েছে। এ ঘটনার প্রতিকার প্রয়োজন। বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।