সারাদেশ
সিলেটে আবাসিক হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ আটক ৪
সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে তারা হোটেলটিতে কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে তাদের আটক করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে চারজনকে আটক করা হয়।
আটক অন্য দুজন হলেন বদির সহযোগী সিআইপি আব্দুস শুক্কুর ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার পর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস ঘিরে ফেলেন পুলিশ সদস্যরা। রাত পৌনে ১টার দিকে সেখানে অভিযান শুরু হয়। হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই করা হয়। পরে বুধবার ভোর ৫টার দিকে চারজনকে আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কক্সবাজারের একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য ও আটকের নির্দেশনার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিরা সিলেট নগরীতে অবস্থান করছেন, এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেপ্তার এড়াতে তারা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। একপর্যায়ে হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নেওয়ার তথ্য পাওয়া যায়।
অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে কয়েকটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এসব মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাঈনুল জাকির আরও বলেন, ঢাকা মহানগর পুলিশ ও কক্সবাজার পুলিশের সদস্যরা সিলেটে এসে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে। এরপর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।