জাতীয়
ঢাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের মাসিক আয় ২৯ হাজার
রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের মাসিক গড় আয় প্রায় ২৯ হাজার টাকা। তবে উপার্জিত অর্থের বড় একটি অংশই ব্যয় হয় রিকশার মালিককে জমা দিতে। একজন চালককে মাসে গড়ে ১০ হাজার ৩২৩ টাকা জমা দিতে হয়, যা তাঁর মোট আয়ের প্রায় ৩৮ দশমিক ৬ শতাংশ। ফলে দীর্ঘ সময় পরিশ্রম করেও আয়ের উল্লেখযোগ্য অংশ নিজের কাছে রাখতে পারছেন না চালকেরা। একই সঙ্গে অর্থনৈতিক অনিশ্চয়তা, কর্মসংস্থানের অভাব, সড়ক দুর্ঘটনার ঝুঁকি ও লাইসেন্সবিহীন চলাচলের মতো নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁদের।
ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাটারিচালিত রিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপান্তর’ শীর্ষক এক নীতি সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গবেষণার বিভিন্ন ফলাফল ও সুপারিশ তুলে ধরেন বিআইজিডির অপারেশনস ডিরেক্টর মেহনাজ রব্বানী।
‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক গবেষণাটি ঢাকা ও বরিশালের ৪৫০ জন ব্যাটারিচালক রিকশাচালকের ওপর পরিচালিত হয়। গত জুন ও জুলাই মাসে চালানো এ জরিপে চালকদের আয়, কর্মপরিবেশ, আর্থিক সংকট, নিরাপত্তা এবং জীবনযাত্রার বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারী চালকদের ৭৮ দশমিক ২ শতাংশ ভাড়ায় রিকশা চালান। বিপরীতে মাত্র ১৮ শতাংশ চালকের নিজস্ব রিকশা রয়েছে। অর্থাৎ অধিকাংশ চালককে প্রতিদিনের উপার্জনের একটি বড় অংশ রিকশার মালিককে জমা দিতে হয়।
গবেষণায় ঢাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের অভিবাসনের একটি গুরুত্বপূর্ণ চিত্রও উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ঢাকার চালকদের ৭৮ দশমিক ৩ শতাংশই এসেছেন দেশের অন্যান্য জেলা থেকে। তাঁদের মধ্যে ৮৪ দশমিক ২ শতাংশ জানিয়েছেন, নিজ এলাকায় পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকা এবং সীমিত আয়ের কারণে জীবিকার সন্ধানে ঢাকায় আসতে বাধ্য হয়েছেন। অর্থাৎ শুধু বাড়তি আয়ের আশায় নয়, অনেকের জন্য ঢাকায় রিকশা চালানো জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন হয়ে উঠেছে।
চালকদের আর্থিক অনিশ্চয়তার বিষয়টিও গবেষণায় বিশেষভাবে উঠে এসেছে। এতে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া চালকদের ৪২ দশমিক ২ শতাংশ গত এক বছরে বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছেন। তাঁদের মধ্যে ৮৭ দশমিক ৯ শতাংশের আয় অর্ধেকের বেশি কমে গেছে অথবা কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ ধরনের সংকট মোকাবিলায় অনেককেই ঋণ নিতে হয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, ৬২ দশমিক ৯ শতাংশ চালক জানিয়েছেন, তাঁদের আয় বন্ধ হয়ে গেলে এক সপ্তাহের বেশি সময় পরিবারের ভরণপোষণের খরচ চালানো সম্ভব হবে না। এতে চালকদের সঞ্চয়হীনতা ও আর্থিক নিরাপত্তাহীনতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
ব্যাটারিচালিত রিকশাচালকদের জন্য সড়ক দুর্ঘটনাও বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী, জরিপের আগের মাস মে মাসে অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ২৬ দশমিক ৭ শতাংশ চালক। অন্যদিকে, জরিপে অংশ নেওয়া চালকদের ৯৬ শতাংশেরই কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স নেই। বাকি ৪ শতাংশ চালক সিটি করপোরেশন ও প্রতিবন্ধী সংগঠন থেকে পাওয়া অনুমতিপত্র নিয়ে রিকশা চালান। ফলে যানবাহনের নিরাপত্তা, চালকদের প্রশিক্ষণ এবং নিয়মতান্ত্রিক চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তা আরও জোরালো হয়ে উঠেছে।
গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, হঠাৎ করে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া কিংবা কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হলে বিপুলসংখ্যক চালকের আয় ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে তাঁদের পরিবার ও নির্ভরশীল সদস্যদের ওপর। তাই এ খাত নিয়ন্ত্রণে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চালকদের জীবন-জীবিকা, আর্থিক বাস্তবতা এবং বিকল্প কর্মসংস্থানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের প্রণীত ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা’কে এ খাতের স্বীকৃতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে গবেষণাটি। তবে শুধু বিধিমালা প্রণয়ন করলেই সমস্যার সমাধান হবে না; এর কার্যকর বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ। সড়ক নিরাপত্তা, পরিবেশগত ঝুঁকি এবং নগর পরিবহন ব্যবস্থাপনার পাশাপাশি এ পেশার সঙ্গে যুক্ত লাখো মানুষের জীবিকার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের অধিকার যেমন রয়েছে, তেমনি রিকশাচালকদেরও বেঁচে থাকা ও কাজ করার অধিকার রয়েছে। তবে সবাই ঢাকামুখী হতে থাকলে নগরীর বিদ্যমান নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। তাই বিষয়গুলো বিচ্ছিন্নভাবে বিবেচনা না করে সব পক্ষকে সঙ্গে নিয়ে এবং ঢাকার সামগ্রিক সক্ষমতা ও বাস্তবতা বিবেচনায় সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, তাঁরা অটোরিকশা বা রিকশাচালকদের বিপক্ষে নন। তাঁদের জীবন-জীবিকার অধিকারও রক্ষা করতে হবে। তবে চালকেরা নিয়মের মধ্যে থাকলে জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে এবং তাঁদের আরও কার্যকরভাবে সহযোগিতা করা সম্ভব হবে। এ জন্য সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও নির্দিষ্ট নিয়মকানুনের আওতায় এ খাত পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।
দেশে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বৃদ্ধির পেছনে দুর্বল গণপরিবহন ব্যবস্থাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সামছুল হক। তিনি বলেন, বাংলাদেশে বাসকে এখনো মানুষের কাছে আকর্ষণীয় গণপরিবহন হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি। অন্যদিকে, মেট্রোরেল মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এমনকি যাঁদের ব্যক্তিগত গাড়ি রয়েছে, তাঁরাও অনেক সময় গাড়ি বাসায় রেখে মেট্রোরেলে যাতায়াত করছেন। এর প্রধান কারণ শুধু গতি নয়, বরং নির্ভরযোগ্যতা। অন্যান্য গণপরিবহন এখনো মানুষের কাছে সেই নির্ভরযোগ্যতা ও আস্থার জায়গা তৈরি করতে পারেনি।
প্যানেল আলোচনায় মুক্তকণ্ঠের নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ দেশের ক্রমবর্ধমান বৈষম্য, সুশাসনের ঘাটতি এবং সবকিছু ঢাকাকেন্দ্রিক হয়ে পড়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশার বিস্তার মূলত এসব সমস্যারই একটি নেতিবাচক প্রতিফলন। তাঁর মতে, এটি কেবল সাময়িক বা খণ্ডকালীন কিছু পদক্ষেপের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়; বরং এর পেছনের সামাজিক, অর্থনৈতিক ও কাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
ব্যাটারিচালিত রিকশা খাতকে আরও নিরাপদ, পরিবেশবান্ধব ও সুশৃঙ্খল করতে গবেষণায় বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে যানবাহনের কারিগরি ও নিরাপত্তাগত মান নিশ্চিত করা এবং চলাচলের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ। কোন সড়কে এসব রিকশা চলাচল করতে পারবে, সর্বোচ্চ কত গতিতে চলবে, কোথায় পার্কিং করবে এবং কোন স্থানে যাত্রী ওঠানামা করাবে-এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রণয়নের পরামর্শ দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন যানজট ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমবে, অন্যদিকে নগরীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে।
এ ছাড়া রিকশার গ্যারেজে বিদ্যুৎ সংযোগ ও ব্যাটারি চার্জিংয়ের নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। প্রয়োজনে গ্যারেজগুলোর অবকাঠামোগত মানোন্নয়ন করে সেগুলোকে আনুষ্ঠানিক স্বীকৃতি ও নিবন্ধনের আওতায় আনার কথাও বলা হয়েছে। পাশাপাশি ব্যবহৃত ও পুরোনো ব্যাটারি সংগ্রহ, পরিবহন এবং পুনর্ব্যবহারের জন্য নিরাপদ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশদূষণ কমাতে পরিবেশবান্ধব ব্যাটারি প্রযুক্তির ব্যবহার এবং সৌরবিদ্যুতের মাধ্যমে রিকশা চার্জ করার সম্ভাবনাও বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে গবেষণাটি।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, অনানুষ্ঠানিক খাতে কর্মরত মানুষের বাস্তব অভিজ্ঞতা ও মতামত সাধারণত নীতিনির্ধারণী পর্যায়ে যথাযথভাবে পৌঁছায় না। ব্যাটারিচালিত রিকশা নিয়ে নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর সমাধানে চালকদের বাস্তব পরিস্থিতি ও জীবন-জীবিকার বিষয়টি বিবেচনা করতে হবে। এ খাতে পরিবর্তন আনতে হলে সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তর প্রক্রিয়া গড়ে তোলা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. আসফিকুজ্জামান আকতার এবং ব্র্যাকের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ব্র্যাকের পরিচালক নাফিউল হাসান।
আলোচনায় বক্তারা ব্যাটারিচালিত রিকশা খাতকে পুরোপুরি বন্ধ না করে সড়ক নিরাপত্তা, চালকদের অধিকার, পরিবেশ সুরক্ষা ও নগর পরিবহন ব্যবস্থাপনার মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি কার্যকর নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, পরিকল্পিত নিয়ন্ত্রণ, যথাযথ প্রশিক্ষণ, নিবন্ধন এবং সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এ খাতকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করা সম্ভব।