সারাদেশ

স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

স্ত্রী-সন্তান ঘুমায় বাসায়, কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে ডিউটি শেষে কারাগারের ব্যারাকে না ফিরে এক কলেজছাত্রীকে সঙ্গে নিয়ে জেনারেল হাসপাতালের বারান্দায় রাত কাটানোর অভিযোগ উঠেছে এক কারারক্ষীর বিরুদ্ধে। গভীর রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় তাদের একসঙ্গে অবস্থান করতে দেখে রোগীর স্বজনদের সন্দেহ হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কারারক্ষী ও কলেজছাত্রীকে থানায় নিয়ে যায়।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট জেলা কারাগারে কর্মরত। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ওই ছাত্রী তাঁর সঙ্গে দেখা করতে জয়পুরহাটে আসেন। ওই দিন রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালনের কথা ছিল ওয়াজেদ আলীর। নির্ধারিত দায়িত্ব শেষ হওয়ার পর তাঁর কারাগারের ব্যারাকে ফিরে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে না গিয়ে ওই কলেজছাত্রীকে নিয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় অবস্থান করেন।

গভীর রাতে হাসপাতালের বারান্দায় দুজনকে একসঙ্গে অবস্থান করতে দেখে রোগীর স্বজনদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তাঁদের আচরণ নিয়েও প্রশ্ন ওঠে। একপর্যায়ে রোগীর স্বজনেরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। তবে তাঁদের কথাবার্তা ও পরিস্থিতি নিয়ে সন্দেহ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ হাসপাতালে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাট সদর থানায় গিয়ে দেখা যায়, কারারক্ষী ওয়াজেদ আলীকে থানার হাজতে রাখা হয়েছে। অন্যদিকে ওই কলেজছাত্রীকে রাখা হয়েছে নারী ও শিশু সহায়তা কক্ষে।

এ বিষয়ে ওই কলেজছাত্রী জানান, রাতে ওয়াজেদ আলীর সঙ্গে হাসপাতালে অবস্থান করার সময় লোকজন তাঁদের আটক করেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে। ওয়াজেদ আলীর স্ত্রী ও সন্তান রয়েছে, সে বিষয়টি তিনি আগে থেকেই জানেন। তাঁর সঙ্গে ওই কারারক্ষীর প্রেমের সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। তবে এ ঘটনায় ওয়াজেদ আলীর চাকরির কোনো ক্ষতি হোক, তা তিনি চান না। এ বিষয়ে তিনি কোনো মামলা করবেন না বলেও জানিয়েছেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ ওই কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

অন্যদিকে জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, কারারক্ষী ওয়াজেদ আলীর সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল। এরপর মঙ্গলবার সকাল ৬টা থেকে তাঁর পুনরায় দায়িত্বে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে থানার একজন পুলিশ সদস্য কারাগারে এসে তাঁদের জানিয়েছেন। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।