সারাদেশ
বিএনপি করায় গোপালগঞ্জে ৪ হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেছে আ.লীগ
বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চার হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রাম থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে হাইশুর গ্রামে হামলা চালান। এ সময় রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষিরোদ বিশ্বাসের তিনটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়।
এ ছাড়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি অনির্বাণ বিশ্বাসের দুটি বসতঘর, চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোল্ট্রি খামার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের দুটি বসতঘর এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িঘরেও হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সদস্য হওয়ায় তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ঘটনার পর থেকে চারটি পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে কাশিয়ানী থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।