জাতীয়
১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন
দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের স্মৃতি স্মরণ করে দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান তার মুখপাত্র।
দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই পরিকল্পনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য আবেদন করার পর থেকে দেশটিতে সহিংসতার ঘটনাও বেড়েছে।
বাতিল হয়ে যাওয়া পাসপোর্ট ও অন্যান্য নথি ফিরে পাওয়ার পাশাপাশি দেশে ফেরার জন্য জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় তার ফেরার জন্য সরকারের কাছে বিমানযাত্রার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানের পরিপন্থীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। তবে রোববার রয়টার্সকে দেওয়া বক্তব্যে এক বাংলাদেশি মন্ত্রী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ছাত্রনেতৃত্বাধীন ওই অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।