জাতীয়
তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ: চরমোনাই পীর
আদর্শ, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, বৈষম্য, দুর্নীতি ও অবিচারমুক্ত একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মেধাবী, দক্ষ ও আদর্শবান তরুণদের নেতৃত্বে এগিয়ে আসতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) বরিশাল মহানগরীর ফ্লেভোরিয়া অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি উইং বরিশাল জোনের উদ্যোগে আয়োজিত ‘আগামীর তরুণ প্রজন্ম: ক্যারিয়ার ও যুব উন্নয়ন সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, একটি রাষ্ট্রের টেকসই অগ্রগতি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভরশীল নয়। বরং ন্যায়বিচার, সুশাসন, মানবিক মূল্যবোধ ও নৈতিক নেতৃত্বই একটি রাষ্ট্রের ভিত্তিকে শক্তিশালী করে। তাই তরুণ প্রজন্মের অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতাকে রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনকল্যাণের কাজে সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশকে একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে তরুণদের মধ্যে আদর্শিক চেতনা, নৈতিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে। শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই চলবে না, পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁদের এই অবদান দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল প্রচলিত ছাত্ররাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং বুদ্ধিবৃত্তিক চর্চা, রাষ্ট্রচিন্তা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমুখী নেতৃত্বের বিকাশে মনোযোগী হতে হবে। আগামীর বাংলাদেশকে যোগ্য ও দক্ষ নেতৃত্ব উপহার দিতে তরুণদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করার উপযুক্ত সময়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক নূরে আলম সিদ্দিকী। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, প্রাইভেট ইউনিভার্সিটি উইং বরিশাল জোনের সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম মল্লিক।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় আয়োজকরা তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।