জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রথম দফায় সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পর এবার দ্বিতীয় দফায়ও গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ দফায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই অগ্রগতি বিদ্যুৎকেন্দ্রটির পরীক্ষামূলক পরিচালনা কার্যক্রমে নতুন ধাপের সূচনা করেছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় দ্বিতীয়বারের মতো এই গ্রিড সংযোগ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের স্থিতিশীলতা যাচাই করতে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও সহায়ক ব্যবস্থাগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান দ্বিতীয় দফায় সফল গ্রিড সংযোগকে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় আরেকটি তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রথমবারের গ্রিড সংযোগ থেকে পাওয়া অভিজ্ঞতা, প্রয়োজনীয় পর্যবেক্ষণ এবং কারিগরি সমন্বয়ের ধারাবাহিকতায় দ্বিতীয়বারের এই সফল সংযোগ বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন কার্যক্রমে আরও অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিতভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।

তিনি জানান, দ্বিতীয় দফার গ্রিড সংযোগে টারবাইন-জেনারেটর সিস্টেম, স্টিম বাইপাস ব্যবস্থা, জেনারেটরের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণসহ সংশ্লিষ্ট সহায়ক ব্যবস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রিডের সঙ্গে সংযুক্ত অবস্থায় বিদ্যুতের ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, উৎপাদন লোড, টারবাইনের কম্পন, তাপমাত্রা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিচালনগত পরামিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনব্যবস্থার সক্ষমতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা হচ্ছে।

দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারাকে নিজেদের জন্য আনন্দ ও গর্বের বিষয় উল্লেখ করে ড. জাহেদুল হাসান বলেন, প্রথমবারের অভিজ্ঞতার পর আবারও সফলভাবে বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহ করতে পারা এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। এই অগ্রগতি বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ ও নির্ভরযোগ্য পরিচালনার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রমাণ।

তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অপারেটর হিসেবে এনপিসিবিএল এর নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনার দায়িত্ব পালন করছে। বিদ্যুৎকেন্দ্রের পরিচালন ব্যবস্থাপনা, দক্ষ অপারেশনাল জনবল তৈরি, নিরাপত্তা সংস্কৃতি নিশ্চিত করা, যন্ত্রপাতির নির্ভরযোগ্যতা বজায় রাখা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। এসব কার্যক্রম বাস্তবায়নে রাশিয়ার অপারেশনাল সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে বাংলাদেশি প্রকৌশলী, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও অপারেটরদের ক্রমবর্ধমান অংশগ্রহণকেও ইতিবাচক হিসেবে দেখছেন এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক। তাঁর মতে, অত্যাধুনিক VVER-1200 প্রযুক্তির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় দেশীয় জনবলের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ভবিষ্যতে নিজস্ব দক্ষ জনবল দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সক্ষমতাও আরও শক্তিশালী হবে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে ড. জাহেদুল হাসান বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড, অনুমোদিত পরিচালন পদ্ধতি এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জননিরাপত্তা, পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এনপিসিবিএলের অন্যতম প্রধান দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস না করে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এই অর্জনের পেছনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ার সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী ও অপারেটরদের অবদানের কথা উল্লেখ করেন তিনি। সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে ড. জাহেদুল হাসান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে অপারেটর হিসেবে এনপিসিবিএল সর্বোচ্চ দায়িত্বশীলতা, দক্ষতা ও নিরাপত্তার সঙ্গে বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিতীয়বারের সফল গ্রিড সংযোগ সেই দায়িত্ব পালনের পথে আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন।

এর আগে গত ১৭ নভেম্বর দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি শেষে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথম দফায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছিল। ওই সময়ে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। পরে একই দিন রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড থেকে বিদ্যুৎকেন্দ্রটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পূর্ণাঙ্গভাবে চালু হলে কেন্দ্রটির দুটি ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির বহুমুখীকরণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দফায় সফলভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে সেই লক্ষ্য বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।