জাতীয়

২০২৭ সালের হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা, টিকার আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

২০২৭ সালের হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা, টিকার আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা
ছবি: সংগৃহীত

২০২৭ সালের পবিত্র হজ পালনে ইচ্ছুক বাংলাদেশি হজযাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যগত ঝুঁকি নিরূপণে এ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষা করাতে হবে।

রোববার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের টিকা গ্রহণের আগে নির্ধারিত সাতটি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), প্রস্রাব পরীক্ষা (ইউরিন আর/এম/ই), বুকের এক্স-রে (পি/এ ভিউ), ইলেকট্রোকার্ডিওগ্রাম (ইসিজি), র‍্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব পরীক্ষার মধ্যে বুকের এক্স-রে ও ইসিজির রিপোর্টও জমা দিতে হবে। তবে কোনো হজযাত্রীর দুরারোগ্য বা গুরুতর রোগের লক্ষণ কিংবা জটিলতা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।

হৃদযন্ত্রের অকার্যকারিতা বা জটিলতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করতে হবে। কিডনির জটিলতা শনাক্তের জন্য সিরাম ক্রিয়েটিনিন, কিডনি-ইউরেটার-ব্লাডার (কেইউবি) আলট্রাসনোগ্রাম এবং সিরাম ইউরিয়া পরীক্ষা করানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, লিভারের অকার্যকারিতা সন্দেহ হলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কপি এবং প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করাতে হবে।

দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তের জন্য কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান করানোর কথা বলা হয়েছে। এ ছাড়া গর্ভাবস্থাজনিত কোনো জটিলতা থাকলে প্রয়োজন অনুযায়ী প্রেগন্যান্সি টেস্ট ও গর্ভাবস্থার আলট্রাসনোগ্রাম করতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ই-হেলথ প্রোফাইলের কপি সংশ্লিষ্ট টিকাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টিমের কাছে জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও টিকা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে।

২০২৭ সালের হজে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষাগুলো সম্পন্ন করে প্রয়োজনীয় প্রতিবেদন সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও এ-সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।