সারাদেশ

বিএনপি সমর্থকের বাড়ির সামনে কাফনে মোড়ানো পুতুল, শ্রীপুরে আতঙ্ক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:২৯ পিএম

বিএনপি সমর্থকের বাড়ির সামনে কাফনে মোড়ানো পুতুল, শ্রীপুরে আতঙ্ক
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে এক বিএনপি সমর্থকের বাড়ির প্রধান ফটকের সামনে খড় দিয়ে তৈরি পুতুলসদৃশ মূর্তি রেখে গেছে দুর্বৃত্তরা। পুতুলটির সঙ্গে সাদা কাপড়, কাঁটা ও লাল রঙের বিভিন্ন উপকরণ থাকায় এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুতুলটি দেখতে ওই বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে এটিকে ভয়ভীতি সৃষ্টির অপচেষ্টা বলে মনে করছেন।

রোববার ২২ নভেম্বর সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক আলী হোসেনের বয়স ৫৫ বছর। তিনি শিরিশগুড়ি গ্রামের মৃত কমরুদ্দিন মাতবরের ছেলে। দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটানোর পর প্রায় ১০ বছর ধরে তিনি নিজ বাড়িতে বসবাস করছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা বিএনপির সমর্থক হলেও দলীয় কোনো মিছিল-মিটিংয়ে অংশ নেন না।

আলী হোসেন জানান, তার বাবা শিরিশগুড়ি গ্রামে সালিশ-বিচার করতেন। সেই সূত্রে গ্রামের বিভিন্ন সমস্যা ও আলোচনায় তাকেও ডাকা হয়। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা দায়িত্ব দিলে তিনিও ছোটখাটো বিচার-সালিশ করে থাকেন। তার তিন মেয়ে। প্রত্যেকের বিয়ে হয়েছে এবং তারা স্বামীর বাড়িতে বসবাস করছেন। গ্রামের কারও সঙ্গে তার বা পরিবারের সদস্যদের কোনো বিরোধ কিংবা মনোমালিন্য নেই বলে দাবি করেন তিনি।

বাড়ির ফটকের সামনে পুতুলটি দেখতে পাওয়ার বর্ণনা দিয়ে আলী হোসেন বলেন, তিনি ও তার স্ত্রী বাড়িতে বসবাস করেন। বাড়িটি দেয়াল দিয়ে ঘেরা। সকালে ফজরের নামাজ পড়ে গেট খুলতে গিয়ে তিনি প্রথমে আটা বা ময়দা দিয়ে আঁকা বড় একটি গোল বৃত্ত দেখতে পান। বৃত্তের ভেতরে ক্রস চিহ্নের মতো দুটি দাগ ছিল। সেসব দাগের ওপর খড় দিয়ে তৈরি পুতুলসদৃশ মূর্তিটি রাখা হয়।

তিনি আরও জানান, পুতুলটিকে কাফনের মতো সাদা কাপড় পরানো ছিল। এর বুকে ১৫ থেকে ২০টি বেলকাঁটা গেঁথে রাখা হয়। সাদা কাপড়ের বুকের অংশে সিঁদুরের মতো লাল রং লাগানো ছিল। আশপাশেও লাল রং ছড়িয়ে রাখা হয়। পুতুলটির বাঁ পা ও বাঁ হাত বাঁধা ছিল। পাশে গোলাপজলের একটি বোতল ও আগরবাতির প্যাকেট পাওয়া যায়। সেখানে আগরবাতি জ্বালানোর চিহ্নও দেখা গেছে।

আলী হোসেন বলেন, কারা এবং কী উদ্দেশ্যে তার বাড়ির সামনে এমন ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। কারও সঙ্গে তার কোনো শত্রুতা নেই। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের কেউ একে জাদুটোনা বা কুফরি কাজ বলছেন, আবার কেউ শত্রুতার ইঙ্গিত হিসেবে দেখছেন। এতে তিনি ও তার স্ত্রী আতঙ্কিত হয়ে পড়েছেন।

তিনি আরও বলেন, আগের রাতে রাত ৮টার দিকে বাড়িতে ঢুকে গেট বন্ধ করে দেন। এরপর আর বাইরে বের হননি। বিএনপির সমর্থক হলেও দলের কোনো পদে নেই এবং রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেন না। গ্রামের কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই। সকাল থেকেই লোকজন ঘটনাটি দেখতে বাড়িতে আসছেন। তাদের কাছ থেকে নানা ধরনের মন্তব্য শুনতে হচ্ছে।

প্রতিবেশী ও শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিসের ভেন্ডার আলী আকবর বলেন, আলী হোসেন দীর্ঘদিন ধরে বাড়িতে বসবাস করছেন। তার জানামতে, কারও সঙ্গে তার কোনো শত্রুতা নেই। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এ ধরনের পুতুল রেখে গেছে, তা বুঝতে পারছেন না।

প্রতিবেশী সুফিয়া খাতুন, বয়স ৬০ বছর, বলেন, ঘটনাটি দেখে তার মনে হয়েছে, কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে জাদুটোনার মতো কিছু করা হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে গ্রামের পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি বলেন, গ্রামাঞ্চলের মানুষ সাধারণত সহজ-সরল। একজনের বাড়ির সামনে এ ধরনের পুতুলসদৃশ মূর্তি রেখে যাওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, রাতের আঁধারে কে বা কারা বাড়ির ফটকের সামনে কাফনের কাপড় পরানো পুতুলসদৃশ মূর্তি রেখে গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শিরিশগুড়ি গ্রামে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়েছে। এর পেছনের রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানান তিনি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সাংবাদিকের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পুলিশ ফিরে এলে বিস্তারিত জানাতে পারবেন।