সারাদেশ

পেট্রাপোলে চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে বিক্ষোভ, বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:১৪ পিএম

পেট্রাপোলে চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে বিক্ষোভ, বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার
পেট্রাপোলে চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে বিক্ষোভ, বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার। ছবি: ঢাকাপ্রকাশ

ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দেশটির হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন। সীমান্তের ওপারে এ সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পেট্রাপোলের এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ আরও কয়েকজন রাজনৈতিক নেতা।

সমাবেশে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগের সমালোচনা করেন। এ সময় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানান।

একই ধরনের বক্তব্য দেন মন্ত্রী অশোক কীর্তনীয়াও। তার মতে, বাংলাদেশের জনগণকে রক্ষা করা এবং দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরা উচিত।

অন্যদিকে, অসমর্থিত সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন। সেখানে তিন থেকে চার দিন অবস্থানের পর তাদের আগরতলায় যাওয়ার কথা রয়েছে বলেও জানা গেছে। তবে এ সফরের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ সমাবেশ শেষ হওয়ার পর বাংলাদেশের বেনাপোল সীমান্তে সতর্কতা বাড়ায় বিজিবি। বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করতে দেখা যায়।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাছেদুল রহমান জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে কোনো অনুপ্রবেশকারী যাতে দুই দেশের মধ্যে যাতায়াত করতে না পারে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, বেনাপোলের প্রধান ফটক, চেকপোস্ট এবং সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদারে বিজিবির টহল দল সতর্ক অবস্থানে থাকবে।